কবিতা - অমিতাভ মুখার্জি
Posted in কবিতারামরায়ের বিমূর্ত ছবি দশফুট দেয়ালে,
হেঁটে হেঁটে সারা রাত
শহর কোলকাতায়—
আরেক পরীক্ষার অপেক্ষায়,
তারা
বৌবাজারের মোড়ে—
পসার সাজাচ্ছে খান্নার সামনে,
ভোর থেকে কেনাকাটায়,
পেট কাপড়ে ধার না থাকে—
চাকা কাঁপে রাস্তার ফাটলে,
লুকিয়ে থাকে কোলকাতার দেমাক
যানজটের কোলাহলে—
ভেতরে ভেতরে ইচ্ছেতে
ভোরতে, হিঙের কচুরি-ডালে,
চামচ মুখেতে—
বিষ পিঁপড়ে চোখে পড়ে
সকালের আকাশে—
নাচছে ওই নীল আকাশ
অবাধ জ্যামিতিতে—
মেঘ ভেসে বেড়ায়
সজাগ বারান্দা ছেড়ে—
ওই লোকগুলো সোজাসুজি
বাঁকা রাস্তায় নিত্য কাজে,
ওদের দেখা পাবে না
আর কোনদিনে—
নরম হাঁটু ভেঙে
কাত হয়ে যাবে নিজেদের ডেস্কে—
সকালের সঙ্গ ছেড়ে ওই মেয়ে
রাস্তা পেরিয়ে ঝুঁকে পড়ে
অন্য মেয়েদের সাথে—
দিনের কাজ ভাগ করে
দেমাক বেড়ালের ডাকে—
গোপন ফুর্তিতে শালিক
লাফিয়ে বেড়ায়
শান বাঁধানো ঠাকুর বাড়িতে—
সঙ্গিনীর দুই আঙুলের মাঝে
জ্বলছে সিগারেট
ধোঁয়ার ঘূর্ণি আপন ইচ্ছেতে—
পোড়া পেট্রোলের দুঃখমোচনে,
রামরায় প্রহরী
ভেজা রাস্তায়।



0 comments: