কবিতা - অমিতাভ মুখার্জী
Posted in কবিতাভারকালা সমুদ্রের সৈকতে
সকাল, প্রণতি ক্যাফেটেরিয়ায়,
কফির কাপ সামনে—
বিন্দু বিন্দু ঘাম প্রণতির কপালে
টুরিস্ট গাইডের মতো হালকা হাসিতে
চেয়ে দ্যাখে সমুদ্রকে —
নিজের ভেতরে তিনটি ছায়ার থেকে
নিজেকে সরিয়ে রাখে —
সব কিছু থেকে নজর ছেনে চোখ
পড়ে—
চারটে পাথর ইচ্ছের বিস্ফোরণে
জড়িয়ে আছে একে অপরকে—
চোখের সামনে দেখেছে
কত রকমের ভালোবাসা
থাকতে পারে, চুল-খোলা পৃথিবীতে—
কত ভিন্ন ধরণের
মেলামেশায় ভালবাসতে
পারে চারটে পাথর নিজেদেরকে
জলের গন্ধে—
প্রণতি নিজের মধ্যে
আচমকাই ফিরে আসে
বেশ কিছু মেয়ের চিৎকারে—
প্রণতির কি আন্দাজ আছে?—
ওদের ভালোলাগায়,
ওদের ভালোবাসায়,
কতটাই বিস্ফোরক আছে?
পাথরের উপরে
সূর্যের নাস্তিক আলোয়
রোদ্দুরের আভাস ছিল
প্রণতির উপরে—
সূর্য ডোবে বোতামের শব্দে
ভারকালা সমুদ্রের সৈকতে—
তখনও আলো লেগে আছে
স্বেচ্ছায়, ওই পাথরের গায়ে—
প্রণতি নিজের শরীরকে
নির্বাসনের আলোয়
যেভাবে যতনে রাখে—
সেভাবে
আলিঙ্গন করে একটি ছায়াকে
তার শারীরিক উপস্থিতিতে—
চারটে পাথরের আলিঙ্গন
আর প্রণতির আলিঙ্গন
তফাৎ করা যায়নি
নাস্তিক সূর্য, নিজের আস্তিন
গুটিয়ে ফেলার পরে।


0 comments: