1

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in




















একটা নদী বুড়ো হলে
পাল্টে যেতে পারে তার বোধ
জেগে উঠতে পারে উচ্চারণের বহুত্ব—
যেখানে প্রতিটি ঢেউয়ে তৈরি হয় একেকটি ভাষা
প্রতিটি ভাঙনে জন্ম হয় একেকটি উচ্চারণ...

একটা নদী বুড়ো হলে বিদ্রোহী হয়ে ওঠে—
চুপচাপ বয়ে যাওয়ার শিষ্টাচার ভেঙে
সে প্রশ্ন তোলে নিজের তীরে
কেন এত বাঁধ, কেন এত হিসেব ...

বুড়ো নদী জানে
তার শরীরে জমে আছে সময়ের পলি—
হারানো নৌকার চিহ্ন
প্রেমিকের চুম্বন
ডুবে যাওয়া গানের সুর
অচেনা মানুষের স্পর্শের ইতিহাস...

সে আর শুধু জল নয়
সে হয়ে ওঠে স্মৃতির গোপন মানচিত্র—
যেখানে প্রতিটি বাঁক মানে একেকটি অসমাপ্ত গল্প
প্রতিটি ঘূর্ণি মানে একেকটি বিদ্রোহ...

একটা নদী বুড়ো হলে
তার স্রোত ধীর হয় ঠিকই
কিন্তু গভীরতা বাড়ে—
উপরে যত শান্ত - ভেতরে তত তোলপাড়
অদৃশ্য অস্থিরতা নিয়ে সে এগিয়ে চলে...

তখন সে আর সমুদ্রের জন্য বাঁচে না
সে বাঁচে নিজের ভাঙনের জন্য
নিজের ভাষা পুনর্লিখনের জন্য
নিজের তীরকে নতুন করে প্রশ্ন করার জন্য...

একটা বুড়ো নদী কখনো কখনো
নিজেকেই অতিক্রম করতে চায়—
তখন নদী আর নদী থাকে না
সে হয়ে ওঠে সমাজের এক জেদি প্রতিচ্ছবি
যে বারবার ভেঙে পড়ে
তবু প্রতিবারই নতুন প্রতিরোধে জেগে ওঠে....

পুরনো গতিপথ ভুলে
রূপান্তরের দীর্ঘ যাত্রায়...

আবার হয়ে ওঠে আস্ত একটা নদী !

1 comment:

  1. প্রশান্ত গাঙ্গুলি21 October 2026 at 07:16

    খুব ভালো লাগলো।

    ReplyDelete