0

সম্পাদকীয়

Posted in





















একাধিক চলচ্চিত্রে নির্মাতা এমন এক পৃথিবীর দৃশ্য রচনা করেছেন, যেখানে কোনও এক অজানা ভাইরাসের কারণে কিছু মানুষ রূপান্তরিত হয়েছে 'জম্বি'- তে এবং তারা অন্যদের আক্রমণ করছে, হত্যা করছে এবং ভক্ষণ করছে নরমাংস।

যে সময়ের জটিল আবর্তে আমরা কমবেশি সকলেই যখন পরিত্রাণের পথ খুঁজছি, সংশয় জাগে আমরা কি তবে সত্যিই গড়ে ফেললাম এক 'জম্বি দুনিয়া', যেখানে নর্দমার রাজনীতিই একমাত্র উপজীব্য আর 'মনুষ্যত্ব' নামক শব্দটি অসার এক উচ্চারণ? আত্মধ্বংসী এই প্রক্রিয়ার চরাচরব্যাপী নানান অভিজ্ঞতায় 'সমৃদ্ধ' হচ্ছি আমরা প্রত্যহ। আবার মনুষ্যত্বের নবতর উন্মেষে আলোকিতও হচ্ছি আমরা কখনও কখনও।

ছোট একটি দোকানে দাম নিয়ে বচসা। তারই জেরে প্রাণ হারাতে হল দোকানিকে। অভাবনীয় এই পারিবারিক বিপর্যয় যখন হয়ে উঠল কদর্য এক রাজনীতির কেন্দ্রস্থল, রুখে দাঁড়ালেন মৃত মানুষটির পুত্র। নিদারুণ শোকের আগুনে দগ্ধ হওয়ার সময়েও নির্বাচন করে নিলেন তাঁর সঠিক অবস্থানটি।

বিরল এই ঘটনার সাক্ষী থাকলেন অনেকেই। তবে কি এখনও আশা আছে? নিকষ মেঘছেঁড়া এমন আলোয় যখন 'ঝলমল করে চিত্ত', মনে হয় সকলি ফুরায়নি এখনও। প্রকৃতি এবং পরিপার্শ্বের সঙ্গে লড়াই করে যে জীবন আর সমাজের ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের পূর্বজনেরা, অবহেলায় আর অনাদরে যাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি আমরা, স্বপ্নসন্ধানী ভবিষ্যপ্রজন্মের কেউ কেউ যদি তার রক্ষণাবেক্ষণে সচেষ্ট হয়ে ওঠে, ভরসা দানা বাঁধে বৈকি!

সুস্থ থাকুন। দায়বদ্ধ থাকুন।

শুভেচ্ছা নিরন্তর।

0 comments: