Next
Previous
0

ঋতু ম্যাডামের রান্নাঘর থেকে - মৈত্রেয়ী চক্রবর্তী

Posted in







আপেলের চাটনি

চিনি বা গুড় ব‍্যবহার না করে মিষ্টি চাটনি বানানো যেতে পারে তারই উদাহরণ এই আপেলের চাটনি।

বেশ ভালো মিষ্টি আপেল হলে তো কথাই নেই, এমনকি টক মিষ্টি আপেল হলেও যথেষ্ট সুস্বাদু হবে। আপেল খোসা ছাড়িয়ে টুকরো করে রাখতে হবে। বেশ পরিমান কিশমিশ ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। কিশমিশ যদি বড় সাইজের হয়, তাহলে কেটে টুকরো করে নেওয়াই ভালো। আর, আপেলের সাইজ বুঝে বেশ কটা খেজুর নিতে হবে। আপেল বড় হলে বা খুব মিষ্টি হলে গোটা চারেক খেজুরই যথেষ্ট।

সামান‍্য তেল গরম করে, তাতে মৌরী, মেথি, সর্ষে, শুকনো লঙ্কা ও সামান‍্য গোটা দারচিনি ফোড়ন দিয়ে বেশ ভাজা সুগন্ধ বের হলে আপেলের টুকরোগুলো দিয়ে, ঢাকা চাপা দিয়ে, নিভু আঁচে রান্না করতে হবে। এক চিমটি নুন দিয়ে দিতে হবে। একটু পর ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে। তখনই দেখা যাবে আপেল নরম হতে শুরু করেছে ও জল ছাড়ছে। এই সময়ে, ওই খেজুর কিশমিশ দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিতে হবে। মিনিট দুয়েক পর ঢাকা খুলে আপেলের টুকরোগুলোকে একটু হাতা দিয়ে চেপে ভাঙা ভাঙা করে দিতে হবে। সাথে খেজুর, কিশমিশও; যাতে বেশ মাখা মাখা হয় দেখতে হবে। জল শুকিয়ে নিয়ে আঁচ বন্ধ করে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিলেই তৈরী আপেলের চাটনি। তবে, আপেলে টক ভাব থাকলে, লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই। অন‍্য চাটনির মতো শেষে ওপর থেকে, ভাজা মশলা দেওয়া একেবারেই ঐচ্ছিক। তবে বেমানান হবে না।