ধারাবাহিক - রঞ্জন রায়
Posted in ধারাবাহিক২৯.১
রুপ্পন বাবু বৈদ্যজী এবং প্রিন্সিপালের সংগে শহর থেকে ফিরে এলেন বটে, কিন্তু
পরের দিন থেকেই কেমন উদাস উদাস ভাব। উনি যেখানে যেখানে যাচ্ছিলেন—হ্যাঁ, একা
একা বেশ ঘুরে বেড়াচ্ছিলেন—লোকে ওঁর উদাস ভাব খেয়াল করল এবং কারণ জানার
চেষ্টা করে ব্যর্থ হল।
বাস্তবে এই উদাসী হাওয়ার রহস্য বুঝতে ভারতের বর্তমান বিদেশ নীতির তুলনা কাজে
দেবে।
উনি বেশ কম বয়সে ছাত্রদের একচ্ছত্র নেতা হয়েছেন। প্রিন্সিপাল ওনাকে ভয় পান,
বৈদ্যজী সমঝে চলেন। এলাকার উঠতি হিরোর দল ওনার ধরণ ধারণ, পোশাক এবং
বক্তৃতার ভঙ্গি নকল করে। উনি এতদিন নিজেকে নিয়ে বেশ সন্তুষ্ট ছিলেন। কিন্তু
শহর থেকে ফিরে পরের দিন দেখলেন বাড়ির ভেতর বৈদ্যজী এবং বদ্রী পালোয়ানের
মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। উনি ঝগড়া চলাকালীন ঘর থেকে বেরিয়ে এলেন, মন উদাস।
আসল কথা হল, উনি বাপ-ছেলের ঝগড়া দেখে চুপ থাকতে পারেন নি, শান্তিদূত হয়ে
মিটমাট করতে গেছলেন। কিন্তু শান্তিদূতের জীবন দর্শন যে কী তা জানতেন না। সমস্ত
শান্তিদূতের মত না ডাকলেও মাঝখানে পড়ে ‘যেতে দিন কাটিয়ে দিন’ বলা এবং একটা
জোরদার থাপ্পড় খেয়ে ‘আচ্ছা, আচ্ছা- ঠিক আছে, ঠিক আছে’ বলে অম্লানবদনে ফেরত
চলে আসা ওনার ধাতে নেই। এইজন্যেই উদাস হওয়া তাঁর ভবিতব্য।
রুপ্পনবাবুর শান্তিদূতের ভূমিকায় অভিনয়ের হাতেখড়ি এবং বিকাশ হয়েছিল ছংগামল
বিদ্যালয় ইন্টারকলেজের গৃহযুদ্ধের ময়দানে। যেমন ভারতের শান্তিদূতের বিকাশ
হয়েছিল কোরিয়া, সুয়েজ আর আফ্রিকার গৃহযুদ্ধের আগুনে। তবে রুপ্পন বাবু এই
ভুমিকাতে ভারতের চেয়ে অনেক বেশিদ্রুত চাল চালার অভ্যেস করে ফেলেছিলেন।
কখনও কখনও দুলকি চালে না চলে সোজা দৌড় লাগাতেন। তবে অমন জোড়পায়ে ছোটার
ফলে কখনও কখনও লক্ষ্য ছাড়িয়ে এগিয়ে যেতেন কিন্তু চলার গতি কমত না। তাতে
ওনার কয়েকবার শূন্যে ডিগবাজি খাওয়া পায়রার অবস্থা হত।
কিন্তু এসব তো শান্তিদূতের কাজের অঙ্গ। তাই রুপ্পন এধরণের সমস্যায় ঘাবড়ে
যেতেন না। কিন্তু সেদিনের পারিবারিক গৃহযুদ্ধে হল গণ্ডগোল। দুই যুযুধান পক্ষ
ওনাকে শান্তিদূত না ভেবে এক তৃতীয় পক্ষ ধরে নিল এবং সেই মত ব্যবহার করল। এক
হিসেবে এটাও শান্তিদূত পেশার অঙ্গ। কিন্তু আগেই বলেছি—রুপ্পন বাবুর শান্তিদূতের
জীবন দর্শন অজানা। ফলে উনি উদাস হয়ে আদ্দেক দিন একলা একলা উদ্দেশ্যহীন
ভাবে ঘুরে কাটিয়ে দিলেন। ওনার অনুভব হল যে শিবপালগঞ্জ একটি জঞ্জাল,
আবর্জনা ফেলার জায়গা, একটা নোংরা জল বয়ে যাওয়া নালা।
দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। ঘরের ভেতরের বারান্দায় শুধু বৈদ্যজী এবং বদ্রী
পালোয়ান। এটা হল ওদের বাড়ির পুরুষদের এলাকা, মহিলারা খুব কম আসা যাওয়া করেন।
চারদিকে সব নিস্তব্ধ। রুপ্পন বাবু বারান্দার সংলগ্ন ঘরে শুয়েছিলেন। আজ কলেজ
ছুটি, গতকাল শুতে শুতে অনেক রাত হয়ে গেছল। তাই আজ অনেকক্ষণ ঘুমনোর পরেও
চেষ্টা করছিলেন –যদি ঘুম আসে। তখনই কানে এল পিতাজীর গলার শাস্ত্রঘেঁষা
অমৃতবচনঃ
“ তুমি যে এত নীচ, সেটা অবগত ছিলাম না”।
কানে এমন বাক্য শোনার পরও যে তিড়িং করে উঠে দাঁড়িয়ে না পরে, সে কুকুরের লেজের
চেয়েও অধম। রুপ্পন বাবুর কান খাড়া হল, উনি ধীরে ধীরে উঁকি মেরে দেখলেনঃ
বৈদ্যজী একটা খাটিয়ার উপর পা তুলে বাবু হয়ে বসেছেন আর বদ্রী পালোয়ান সামনে
মাটিতে পায়ের পাতায় ভর দিয়ে বসে। দুজনের মধ্যে কোন আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা হয়
নি। কিন্তু একদম আপাত শান্ত পরিস্থিতিতে বাঁধাগতের বাইরে ঠোকাঠুকি চলছে।
বাতাবরণ এত ঘরোয়া যে বৈদ্যজীর আগের বাক্যটি না শুনলে রুপ্পন বাবুও
ভাবতেন—বাবা ও দাদা মিলেমিশে কোঅপারেটিভ ইউনিয়নের তবিল থেকে নতুন করে
তছরুপের মত সার্বজনিক সমস্যা কত জরুরি সে বিষয়ে প্রাথমিক কথাবার্তা বলছে।
যাই হোক, রুপ্পন বাবু বাবার মুখ থেকে আগের কথাটা শুনেছিলেন, এবার আরেকটা
শুনলেন—“তুমি এতটা মূর্খ হবে, কল্পনা করি নি”।
বদ্রী পালোয়ান বেপরোয়া ভঙ্গিতে হাই তুলে বলল, “ নিজের ঘরের মধ্যে গালি গালাজ
করে কী লাভ? এসব ভালো কথা নয়”।
হয়ত এই প্র্যাকটিক্যাল কথায় বৈদ্যজীর কিছু একটা হল। উনি বোম্বাইয়া ফিলিমের
সোহরাব মোদী কায়দা ছেড়ে সাধারণ কথাবার্তার স্তরে নেমে এলেন। “আর তুমি যেটা
করলে সেটা ভাল? কখনও ভেবেছ এর পরিণাম কি হতে পারে? এর ফলে আমার আত্মা
কত কষ্ট পেয়েছে তা জানো”?
সম্ভবতঃ বদ্রী পালোয়ান আজ সকালে ভাঙ খায় নি। বস্তুজগতের একটা নিয়ম
হল—যারা ভাঙ খায় না তাদের খেলে পরে হাই ওঠে, আর যারা নিয়মিত ভাঙ সেবন করে
থাকে তাদের না খেলে হাই ওঠে। তাই বদ্রীর চেহারায় দ্বিতীয় নিয়মের ছাপ দেখা যাচ্ছে।
কাঁধে বসে থাকা মশাটাকে ও নরম হাতে তামাচা লাগালো। মশাটাও এমন যে পালিয়ে গেল
না, মরে গেল। এই সব কাজ সম্পূর্ণ হলে ও বৈদ্যজীকে উত্তর দিল। “কষ্ট পাওয়ার কী
হল? খুলে বল। তোমার সব কষ্ট দূর করে দিচ্ছি”।
বৈদ্যজী নীচু গলায় বললেন, “তুমি এত সমঝদার হয়ে গয়াদীনের মেয়ের সংগে কী করে
ফেঁসে গেলে”?
বদ্রী পালোয়ান খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, “আপনার সাথে কথা বলা
বেকার”। তারপর উঠে দেয়ালের খুঁটিতে টাঙানো কুর্তা টেনে কাঁধের উপর ফেলে দরজার
দিকে এগোলো। বৈদ্যজী বললেন, “পালাচ্ছ কোথায়”?
“কে পালাচ্ছে? কোন কাজের কথা হলে একরকম। ঘরের মধ্যে যত ফালতু কথা! ব্যস,
ঢের হয়েছে”।
বৈদ্যজী কন্ঠস্বরের গিয়র বদলে বললেন, “কিন্তু এটার ফয়সালা তো এক- না- এক দিন
করতেই হত”।
বদ্রী পালোয়ান পায়ে ব্রেক কষে থামল আর ওখান থেকেই বলল, “এখন তোমার মুখ
থেকে উলটো পালটা কথা বেরোচ্ছে। এটা ঠিক না। পরে কখনও কথা হবে”।
“পরে কখন? যখন আমার নাক কেটে ধূলোয় লুটোবে”?
এবার বদ্রী বাধ্য হয়ে ফিরে এল। কাঁধে কুর্তা লটকানো অবস্থায় আগের মতই
বারান্দার মেজেতে পায়ের পাতায় ভর দিয়ে বসে পড়ল। বলল, “নাক-টাক নিয়ে কথা বলার
কী হল? নাক আছে কোথায়? সে তো পণ্ডিত অজুধ্যাপরসাদের সময়েই কাটা গেছে”।
“এবার তুমি নীচদের মত কথা বলছ”।
বদ্রী পালোয়ান পায়ের পাতায় ভর দিয়ে দুলতে লাগল। ওর গলার স্বরের সাইলেন্সার
খুলে গেছে। অজুদধরা গলায় বলল, “যখন বলছ এখনই কথাটা সেরে ফেলি। বলছ আমি
বেলার সঙ্গে ফেঁসে গেছি। তুমি আমার বাপ, তোমায় কী করে বোঝাই! ফেঁসে যাওয়া
ফাঁসিয়ে দেয়া—এসব ছ্যাঁচড়াদের কাজ। তোমার বংশে তোমার দাদু অজুধ্যাপরসাদ যেমন
রঘুবরার বৌয়ের সংগে ফেঁসেছিলেন! হ্যাঁ, সে হল ফেঁসে যাওয়া। হ্যাঁ ! ওটাকেই বলে।
নইলে কী”? এবার একটু থেমে উঁচু আওয়াজে বলল, “এবার এসব কথা বন্ধ হোক”।
বৈদ্যজী গলার অ্যাকসিলেটরে চাপ দিলেন। ‘তোমার বংশ! তোমার দাদু! এ কী ভাষা! এই
বংশ খালি আমার? তোমার নয়? উনি তোমার পূর্বপুরুষ নন”?
বদ্রীর গাড়ি যেন চৌমাথার মোড়ে লাল সিগন্যাল দেখে থেমে গেল। একটু থেমে গিয়ে
বলল, “হল তো? একটা সত্যি কথা বলতেই মেজাজ খারাপ! যাক গে, ছাড় ওসব”।
বৈদ্যজী মুখ খুললেন—যেন কোন আনাড়ি ক্লাচ আর অ্যাকসিলেটরে একসাথে চাপ দিয়ে
গাড়ি চালাতে চাইছে—“না বদ্রী, ছাড়াছাড়ি নেই। আজ এই কথার ফয়সালা করতে হবে।
আমরা ব্রাহ্মণ, ওরা বৈশ্য। তবে এটা খালি জাত নিয়ে কথা নয়, নীতির কথা। এমন
চালচলন যে মেয়ের--। ছোটে পালোয়ান আদালতে দাঁড়িয়ে কী সব বলছিল না”?
বদ্রী পালোয়ান উঠে দাঁড়াল। বলল, “ব্যস্ কথা শেষ। আর একটা কথা বলে নিই, তারপর
আমার কথা শেষ। আমি বাবা অজুধ্যাপরসাদের মত চলব না। যা কিছু করব সব
কায়দামাফিক হবে। এদিক সেদিক গিচির পিচির করা আমার পছন্দ নয়”।
এবার ও দরজার দিকে এগোল। হঠাৎ বৈদ্যজী খাটিয়া থেকে লাফিয়ে উঠলেন--বিনা
জটাজুট, কমন্ডলু-কৌপীন—শাপ দেবার ভঙ্গিতে দাঁড়িয়ে জোড়া হর্ন বাজিয়ে চলা
ট্রাকের মত আওয়াজে বললেন, “নীচ! তাহলে আমার কথাটাও শুনে যা!”
রুপ্পন বাবু অবাক হয়ে বড়দা ও বাবার অমন কথাবার্তা শুনছিলেন। গতকাল শহরে
বৈদ্যজীর কথায় মনে হয়েছিল উনি বদ্রীর সংগে বেলার বিয়ে দেবেন। যদি কোন আপত্তি
আসে তো সেটা হবে বেলার বাবা গয়াদীনের থেকে এবং সেটা উনি সামলে নেবেন। কিন্তু
আজকের কথাবার্তায় রুপ্পন বাবুর মনে হল যেটা উনি সংঘর্ষের সমাপন ভাবছিলেন
সেটা আসলে প্রথম অংক মাত্র।
উনি নিজেকে সামলাতে না পেরে নিজের কামরা থেকে টগবগিয়ে বেরিয়ে এসে শান্তিদূতের
ভুমিকায় নেমে পড়লেন। বললেন, “পিতাজী, এখন আর এত কথাবার্তার কী মানে? এখন
আপনি কাল প্রিন্সিপাল সাহেবকে যা বলেছিলেন সেটাই করুন। সেই বাক্যটাই বারবার
বলতে থাকুন। এখন থেকে আমরাও বলতে থাকব—জাতিপ্রথা মানি না। বদ্রী দাদা যখন
বেলার সংগে ফেঁসে গেছেন তো—“
বাক্য পুরো হল না। রুপ্পনের মনে হল ঘাড় ভেঙে যাচ্ছে। এটা রোজকার ব্যাপার। বদ্রী
পালোয়ান রোজ কারও না কারো ঘাড় চেপে ধরে। আজ ধরেছে রুপ্পনের গর্দান। রুপ্পনের
চোখ এক সেকেন্ডের মধ্যে গোটা আঙিনায় দশটা চরকিপাক খেয়ে নিজের মধ্যে লীন
হল। বদ্রী দাঁতে দাঁত পিসে বলছেন, “তুমি নিজের ঘরেও নেতাগিরি ঝাড়বে? আমাকে বলছ
ওর সংগে ফেঁসে গেছি! আমার মুখের উপর! চামচিকে কোথাকার”!
উনি রুপ্পনের ঘাড় ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বড় অভদ্র ঢঙে আঙিনার অন্য কোণায় ঠেলে
দিলেন। রুপ্পন ঘাবড়ে গিয়ে বুঝতে পারলেন না ওনাকে যে চামচিকে উপাধি দেয়া হল সেটা
গ্রহণ করবেন? নাকি ফেরত দেবেন? ওদিকে বদ্রী পালোয়ান বৈদ্যজীকে
বলছিলেন—“একেই বলে আসল নেতা। এ’ব্যাটা নিজে বেলাকে দু’পাতা চিঠি লিখেছিল। কে
জানে কী কী উলটো পালটা কথা লিখেছিল। নিজে ফেঁসে গিয়ে আমাকে বলছে ফেঁসেছি”!
রুপ্পন বাবু মুখ থুবড়ে পড়তে পড়তে সামলে নিলেন। তবে ঢ্যাঁটামি করে বললেন, “আমি
এতটা নীচে নামি নি যে তোমার সংগে এ’নিয়ে কোন কথা বলব”। তারপর বৈদ্যজীকে
বললেন, “পিতাজী, একে কিছু বলা বেকার। যা চায়, করতে দিন”।
কিন্তু বৈদ্যজী তখন পরামর্শ শোনা নয়, দেয়ার জন্যে মুখিয়ে ছিলেন। কড়া গলায়
বললেন, “যাই হোক রুপ্পন, এ’বিষয়ে তোমার কথা বলার দরকার নেই। আমার নালিশ
তোমাদের দুজনকে নিয়ে। তোমার চালচলন নিয়েও কিছু কথা আমার কানে এসেছে”।
রুপ্পনবাবু উত্তেজিত। “আচ্ছা, এই ব্যাপার”! উনি ঘাড় উঁচু করে বুক চিতিয়ে উত্তর
দিলেন, “তাহলে বলি—আপনার চালচলন নিয়েও কিছু কথা আমার কানে এসেছে”।
যুদ্ধের অন্তিম দৃশ্য। বদ্রী পালোয়ান ব্যঙ্গ করে বাবাকে বললেন, “শুনলেন”?
রুপ্পন বাবু এক ঝটকায় বাইরে বেরিয়ে গেলেন। বৈদ্যজী খাটিয়ার পাশে চুপচাপ দাঁড়িয়ে।
এরকম পরিস্থিতিতে ফিল্মি হিরোর বাপ ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। উনি সে’রকম বান্দা নন।
অনেক বড় নেতা তাঁর ভ্রষ্টাচার বা ঘুষ খাওয়া নিয়ে কমিশন বসানোর খবর শুনে
প্রেসকে বিবৃতি দেন—আগে ভ্রষ্টাচার কাকে বলে তার সর্বমান্য পরিভাষা ঠিক হোক,
তবে না! কিন্তু বৈদ্যজী সেদিকে গেলেন না। আবার কোন সাহিত্যিক হয়ত টেক্সট-বুক-
কমিটির কৃপায় লক্ষপতি হয়েছেন। তাঁর লেখার খারাপ সমালোচনা হলে তিনি অবজ্ঞার
হাসি হাসেন। বৈদ্যজী তাঁর চাল চলন নিয়ে ছেলের মুখ থেকে চ্যালেঞ্জ শোনার পর উনি
অন্যদের মত কিছুই করলেন না। চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ওনার পেশায় সবচেয়ে সহজ
কাজ হল এমন পরিস্থিতিতে ‘হে রাম’ বলা। ওনার মুখ থেকে একটি শব্দও বেরোল না।
দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। একটি মিঠাইয়ের দোকান, তাতে যে লোকটা বসে আছে তাকে
দূর থেকে মিঠাইওলা বলে চেনা যায়। দোকানের চৌকাঠের নীচে এক নেতা দাঁড়িয়ে –তাকে
দূর থেকেই নেতা বলে চেনা যায়। ওখানে সাইকেলের হ্যান্ডেল পাকড়ে একজন পুলিসের
সেপাই—তাকেও দূর থেকে পুলিসের সেপাই বলে চেনা যাচ্ছে। দোকানের বারকোষে রাখা
মিষ্টিগুলো দেখে বাসি এবং ভেজাল মশলা দিয়ে তৈরি মনে হচ্ছে—ওগুলো সত্যি সত্যি
বাসি এবং ভেজাল। দুধ জল মিশিয়ে পাতলা, কিন্তু অ্যারারুট মিশিয়ে গাঢ় দেখাচ্ছে।
পৃথিবীতে এটাই এক টুকরো স্বর্গ যেখানে সবকিছু লোকের চোখের সামনে হচ্ছে। কিছুই
লুকানো হয় নি, লুকানোর দরকারই নেই।
দোকানে সাজানো রয়েছে জিলিপি, পেড়া আর গাট্টা। ঠিক তার পাশে ছোট ছোট কাঁচে
বয়ামে শুকিয়ে কাঠ কাঠ হয়ে যাওয়া টুকরো গোছের কিছু আছে যা বিস্কুট, কেক
ইত্যাদির ঢঙে তৈরি স্থানীয় খাদ্যবস্তু। শহরের মত এখানেও এই বস্তুগুলো দেখে
বোঝা যায় কিপলিং এর কবিতা ব্যর্থ। পূরব পূরব, পশ্চিম পশ্চিম; কিন্তু এখানে
শিবপালগঞ্জে মিঠাইয়ের মারফত দুই সংস্কৃতির মিলন হয়েছে।
ওখানে রুপ্পন বাবু ও লঙ্গড়ের মোলাকাত হল। রুপ্পন বাবু লঙ্গড়কে দেখতেন যেন
ফার্স্ট ক্লাসের যাত্রী তৃতীয় শ্রেণীতে বিনা টিকিটে যাত্রা করা কাউকে দেখছে। কিন্তু
আজ উনি উদাস হয়ে এমন মানসিক স্তরে বিরাজ করছেন যেখানে বিশ্বমৈত্রী,
পঞ্চশীল আদি নীতিগুলোকে বাস্তবে প্রয়োগ করা যায়। তাই উনি নীচু আওয়াজে
বললেন, “তোমার মামলা কদ্দুর”?
“বাপু আজকে তো ছুটি। তাই বোঝা যাচ্ছে না। তবে এদ্দিনে নকল তো তৈরি হয়ে গিয়ে
থাকবে”। ফের লঙ্গড় এতদিনে কতদূর কাজ এগিয়েছে তার ফিরিস্তি দিতে শুরু করল।
“সেদিনই তৈরি হয়ে গেছল, কিন্তু আমি আনতে যেতে পারি নি। আমার মেয়াদি জ্বর
হয়েছিল। সেদিন যে সদরের কাচারিতে মাথা ঘুরে পড়ে গেছলাম, উঠতে পারি নি। ভাবলাম,
মরতে হয় তো নিজের গাঁয়ে গিয়ে মরি। ওদিকেরই একজন ঠাকুরকে পেয়ে গেছলাম। তার
সাথে চলে গেলাম। ওখানে লোকেরা বলল আমার মেয়াদি জ্বর হয়েছে।
“কিন্তু একদিন মোটর গাড়ি চড়ে কয়জন লোক আমাদের গ্রামে এল। গোটা গ্রামের
দেওয়ালে গেরুয়া রঙ দিয়ে ইংরেজি অক্ষরে না জানি কীসব লিখে দিল। তারপরে বাপু, ওরা
আমার রক্ত নিয়ে মেশিনে ফেলে দেখল। দেখো তো বাপু, এমন ঘোর কলি যে আমি হলাম
দেশি মানুষ, আমায় ধরল বিদেশি রোগে। মোটর চড়ে যারা এসেছিল, বলল—লঙ্গড় হল
বড়মানুষ। ওর ম্যালেরিয়া হয়েছে।
“কী আর বলি বাপু, তারপর মোটরওলারা গাঁয়ে খুব বড় কাজ করল। দু-তিনজন এক
একটা মেশিন হাতে নিয়ে চারদিকের যত কুয়ো, ডোবা, নালা নর্দমা সবগুলোর কাছে
কিরর্ কিরর্ শব্দ করে ঘুরতে লাগল। আর দু’জন ঘরে ঘরে গিয়ে সব বাড়ির দেয়ালে
গেরুয়া রঙ দিয়ে ম্যালেরিয়া মহারানীর ইস্তুতি আংরেজিতে লিখে দিল। ওই আংরেজি
অকছরের এমন প্রতাপ যে সব মচ্ছর পালিয়ে গেল। আমিও, বাপু, এক মাস ধরে দুখ ভুগে
আজ আপনার দরশন করতে ফের দাঁড়িয়ে পড়েছি”।
নেতা বললে, “কী কথা শোনালে লঙ্গড়উ, তুমি বললেঃ
যেই দেখল আংরেজি অকছর
ভেগে গেল ম্যালেরিয়ার মচ্ছর”।
মিঠাইওলা নেতার তারিফ করে বলল, “আপনিও কম যান না, কী কবিতা শোনালেন! নিন,
এই কথার সম্মানে জিলিপি খান”।
নেতা কোন লজ্জা-টজ্জা না করে থালি থেকে মাছি তাড়িয়ে গোটা চার-পাঁচ জিলিপি তুলে
খেতে লাগল। ওদিকে সেপাই লঙ্গড়কে বলল, “তাহলে মরতে মরতে বেঁচে গেছ বল”।
“কথাটা ঠিক বাপু, কিন্তু জানতাম আমি মরব না। ভগবানের দরবারে এমন অন্যায় হতে
পারে না। যতক্ষণ তহসীল অফিস থেকে কাগজের নকল না পাচ্ছি, আমি মরতে পারি না”।
লঙ্গড়ের গলার স্বরে না জানি কত কবীর, তুলসীদাস, রুইদাসের বেদনা। বলল, “নকল না
দেখে আমার প্রাণ বেরোবে না। আমি সত্যের জন্য লড়ছি”।
সেপাই বলল, “তুমি একটা গোমুখ্যু বাঁগড়ু! দুটো টাকার পেছনে গোটা জীবন নষ্ট করছ।
কেন ব্যাটার হাতে দুটো টাকা ধরিয়ে দিচ্ছ না”?
লঙ্গড় মাথা নেড়ে বলল, “তুমি এসব বুঝবে না বাপু। এ হল সত্যের জন্যে লড়াই”।
রুপ্পন বাবু কথা ঘোরালেন। ‘সে ঠিক আছে, এখন কদ্দূর”?
লঙ্গড় বলল, ‘কাল-পরশু নাগাদ পেয়ে যাব। এখনই গিয়ে তহসীলে হাজির হব”।
নেতা বলল, “ওখানেই একটা ঝুপড়ি বানিয়ে নাও। যাতায়াতের ঝামেলা থেকে রেহাই”।
রুপ্পন বাবু বেঞ্চিতে বসে খানিকক্ষণ পা ঝাড়তে আর নাড়াতে থাকলেন। ফের
মিঠাইওলাকে বললেন, ‘এক খুরি দুধ দাও দিকি”। একটু ভেবে বললেন, “লঙ্গড়কেও
দাও”।
লঙ্গড়ের সাথে দুধ খেয়ে রুপ্পন বাবু উঠে দাঁড়াচ্ছিলেন, তখনই নেতা বলে উঠল, “তাহলে
লঙ্গড়উ, তহসীল অফিসের সামনে একটা ঝুপড়ি বানিয়ে দিই? ঠিক হবে তো”?
লঙ্গড় বৈষ্ণবজনোচিত হাসি দিয়ে বুঝিয়ে দিল—নেতাটা আহাম্মক, আর ও নিজে
বিনম্র ব্যক্তি।
নেতা বলতে থাকল, “কয়েক দিনের মধ্যে ভুখ হরতাল শুরু করে দাও। বেশ হবে। খবরের
কাগজে নাম ছাপা হবে। তাতে নকল না পেলেও নাম কামাবে। বিখ্যাত হবে। ভেবে দেখ,
লঙ্গড়উ”!
লঙ্গড় এর উত্তরে যে হাসি হাসল সেটা শুধু বৈষ্ণবজনোচিত নয়। তাতে কবীর-স্কুল,
গান্ধীজির ওয়ার্ধা -স্কুল এবং সেবাপুরী স্কুলের চিহ্ন তো ছিলই, খানিকট লক্ষ্ণৌ
স্কুলের প্রভাবও দেখা যাচ্ছিল। এর জবাব দাঁত বের করে হেঁ-হেঁ-হেঁ করা ছাড়া আর কিছু
হয় না। নেতা তাই করল এবং তালি বাজিয়ে বলল, “আরে, বাহ্ রে লঙ্গড়উ”!
(চলবে)



0 comments: