0

সম্পাদকীয়

Posted in


বিশ্বাস হয় না, একটি জাতির রামধনুরঙা ঐতিহ্যের সবটুকুই প্রায় ভুলন্ঠিত। সাম্প্রতিক অতীতে শুরুটা হয়েছিল মাসখানেক আগে। রাজনৈতিক মোকাবিলার অছিলায় বইয়ের ওপর নেমে এসেছিল আক্রমণ। বই। সে তো কেবল একটি প্রতীক। শিক্ষা, সংস্কৃতির এবং মেধা চর্চার। তাহলে বই আক্রান্ত হলে স্বাভাবিক কারণেই খাদের কিনারে গিয়ে দাঁড়ায় বিশেষ সেই জাতিগত সত্তা। ধরা যাক, কোনও এক জাতির পরিচয় যুদ্ধ কিংবা আগ্রাসন ঘিরে। সেক্ষেত্রে বই তাদের অস্তিত্বের মানদণ্ড না হওয়াই প্রত্যাশিত। কিন্তু বাঙালি চেতনায় বইয়ের একটি আলাদা ভূমিকা ছিল।


এই কথাগুলির অবতারণা অবশ্যই কিছু ঘটনার প্রেক্ষিতে কিন্তু বাঙালি সংস্কৃতির ক্ষয়রোগের কবলে পড়ার অজস্র নিদর্শন চারপাশে ছড়িয়ে রয়েছে। এই ঘটনা একদিনে ঘটেনি। বাঙালির  প্রবাদপ্রতিম সহনশীলতা ও অনুকরণপ্রিয়তা এই পরিস্থিতিকে জাঁকিয়ে বসার সুযোগ করে দিয়েছে। অন্যান্য রাজ্যে সেই কারণে নানাবিধ অন্য সমস্যা থাকলেও মৌলিক অস্তিত্বরক্ষার জায়গাটিতে বাঙালিদের চেয়ে ভারতবর্ষের বাকি ভাষাগোষ্ঠী সচেতনতার প্রশ্নে যে বহু যোজন এগিয়ে, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। 


একটি যে কোনও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার অন্তর্গত মানুষজনের ওপরই বর্তায়। এক্ষেত্রে যথাসময়ে, সঠিকভাবে সেই কাজটি করা হয়নি বলেই আজ এক মেধার্জিত, একাধিক জাতিসত্তার ধারক ও বাহক, বিশ্বসাহিত্যের আধার এক ভাষা এবং সংস্কৃতি পথভ্রষ্ট। ঠুনকো রূপে প্রতীয়মান।


উপলব্ধির এই শিকড়ে পৌঁছতে পারলে সমাধানের পথগুলিও দৃশ্যমান হয় এবং সস্তার রাজনীতির চাপে সেই সংস্কৃতির ধ্বংসের আশঙ্কা থেকেও মুক্ত হওয়া যায়।


সুস্থ থাকুন। সচেতন থাকুন।

শুভেচ্ছা অফুরান।

0 comments: