0

প্রবন্ধ - ইন্দ্রনীল মজুমদার

Posted in








আমরা এই পুজোর আবহেও দেখেছি যে বইয়ের ওপর অযাচিত আক্রমণ হয়েছে। বই বড়ো পবিত্র জিনিস আর এই পুজোর সময়ে এই পবিত্রতম জিনিসের ওপর আঘাত আমাদের মতো সকল বইপ্রেমীদের বেশ কষ্ট দিয়েছে। সত্যি বলতে কী, এ বছরের পুজোর সময় চোরবাগানে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু আর নিহত হওয়ার ঘটনা যেমন আমাদের বেশ সমব্যথী করে তুলেছিল ঠিক তেমনি বইয়ের ওপর এই অযাচিত বর্বর আক্রমণ, বইয়ের স্টল প্রশাসনের মদতে বুলডোজারের দ্বারা ভেঙে দেওয়া বা বইয়ের স্টলে গিয়ে বই ফেলে দেওয়া ইত্যাদি বেদনাদায়ক ঘটনাগুলো পুজোর আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছিল। বই কেনা ও বেচার ক্ষেত্রে সকলেরই অধিকার আছে। তাই, কোনও মতাদর্শ দল বা সংগঠনের উচিত নয় তার বিরুদ্ধে মতাদর্শ দল বা সংগঠনের বই বিক্রি করাকে আটকানো বা বাধা দেওয়া। বইয়ের প্রতি এইরকম আক্রমণ এই প্রথম নয়। সভ্যতার ইতিহাসে যে বই ও বিদ্যা মানবসমাজকে প্রকৃত বন্ধু ও পথপ্রদর্শক হিসেবে ভদ্র, সভ্য, মার্জিত ও শিক্ষিত করে তুলেছে, সেই বই ও বিদ্যার প্রতি আক্রমণ বহুবার হয়েছে। আমরা সেরকমই একটি ঘটনা নিয়ে এখানে আলোচনা করব।


ঘটনাটি প্রাচীন চীনে ঘটেছিল। খ্রিস্টপূর্ব ২১৩ অব্দে চীনের রাজধানী শিয়ানিয়াং-এর রাজপথ জুড়ে উড়ছিল আগুনের লেলিহান শিখা। সেই আগুনের শিখায় জ্বলছিল হাজার বছরের ইতিহাস, দর্শন আর মুক্তচিন্তায় সমৃদ্ধ পাতা। তখন চীনে শাসনকর্তা ছিলেন সম্রাট কিন শি হুয়াং। খ্রিস্টপূর্ব ২২১ অব্দে তিনি চীনের সমস্ত প্রদেশকে একত্রিত করে প্রতিষ্ঠা করেন কিন রাজবংশ। কিন্তু, তিনি ছিলেন অত্যন্ত স্বৈরাচারী। খ্রিস্টপূর্ব ২১৩ অব্দে তিনি চাইলেন তাঁর শাসনকে নিরঙ্কুশ ও রাজকীয় কর্তৃত্ব সুসংহত করতে আর তাই তিনি ভিন্নমত দমন করতে এক চরম ও নিষ্ঠুর পদক্ষেপ নেন। তার প্রধান উপদেষ্টা ছিলেন লি সি। এই লি সির পরামর্শে সারা দেশ জুড়ে এক ডিক্রি জারি করা হয় যে– কৃষি, চিকিৎসা, ভেষজ আর জ্যোতিষশাস্ত্র অর্থাৎ দৈনন্দিন কাজে যা প্রয়োজনীয় বা ব্যবহারিক বিষয়ের বই ছাড়া বাকি সব বিষয়ের এই যেমন ইতিহাস, দর্শন এবং সাহিত্যের বই বাজেয়াপ্ত করে পুড়িয়ে ফেলা হবে। এই নিষ্ঠুর নির্দেশের মূল উদ্দেশ্য ছিল জনগণ যাতে অতীতের সোনালী যুগের সাথে কিন সাম্রাজ্যের তুলনা করে সমালোচনা না করতে পারে। অর্থাৎ, শাসক চেয়েছিল ইতিহাসকে নতুন করে লিখতে এবং অতীতের চিন্তাভাবনা মুছে ফেলতে।


এখন যেমন মার্কস-লেনিন সাহিত্য, কমিউনিজম্, মুক্তচিন্তা বা চিরায়ত সাহিত্যের ওপর কোপ পড়তে দেখা যাচ্ছে ঠিক তেমনি কিন রাজার আমলে কোপ পড়েছিল কনফুসীয় চিন্তাধারা বা বইপত্তরের ওপর। কিন রাজার মূল লক্ষ্য ছিল কনফুসীয় মতাদর্শ ও পণ্ডিতদের প্রতিরোধ ভেঙে ফেলা। কিন সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল লিগালিজম বা আইনবাদ। এই মতাদর্শ অনুযায়ী, রাষ্ট্রকে শক্তিশালী করতে কঠোর আইন, পরম রাজতন্ত্র এবং জনগণের ওপর কড়া নিয়ন্ত্রণ প্রয়োজন। অন্যদিকে, কনফুসীয়বাদ জোর দিত নৈতিকতা, ঐতিহ্য, প্রাচীন রীতিনীতি এবং শাসকের সদাচরণের ওপর। কনফুসীয় পণ্ডিতরা প্রায়শই প্রাচীনকালের উদাহরণ টেনে সম্রাট কিন শি হুয়াংয়ের কঠোর নীতির সমালোচনা করতেন, যা সম্রাট এবং তাঁর প্রধান উপদেষ্টা লি সি পছন্দ করেননি। প্রাচীন চীনদেশের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের অমর বাণীগুলো মানুষের মনে এক স্বস্তি ও স্বাধীনতার বীজ বোপন করে যা যেকোনো একনায়ক স্বৈরাচারী শাসকের যে পছন্দ হবে না তা বলাইবাহুল্য। আর সেই কারণে কনফুসীয় দর্শনের মূল বইগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। যাঁরা রাজার আদেশ অমান্য করে বই বা পাণ্ডুলিপি লুকিয়ে রাখতেন, তাঁদের হত কঠিন শাস্তি। শারীরিক নির্যাতন তো ছিলই তার পাশাপাশি ছিল মহাপ্রাচীর নির্মাণকাজে দাস হিসেবে পাঠিয়ে অমানুষের মতো খাটানো। এ যেন বিখ্যাত পরিচালক ও অস্কারজয়ী সত্যজিৎ রায় পরিচালিত ‘হীরক রাজার দেশে’ সিনেমার বাস্তবিক রূপ। কিন রাজা ও তাঁর প্রধান উপদেষ্টা লি সির মনোভাবটাও ছিল হীরক রাজা ও তাঁর মন্ত্রীদের মতো– “ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে আর তত কম মানে।” অতএব, শাসক উঠে পড়ে লাগল বই পড়া কমাতে আর তাই কোপ মারল বইয়ের ওপরেই। রাজপথগুলোয় পুড়িয়ে ফেলা হতে লাগল কনফুসীয় ক্লাসিক সাহিত্যগুলো। আর স্বৈরাচারী সম্রাট হেসে ভাবতে লাগলেন যে, এই ছাইয়ের নীচে চিরতরে চাপা পড়ে গেল তাঁর বিরোধীদের কণ্ঠস্বর ও কনফুসীয় মুক্তচিন্তা। বই পোড়ানোর পরের বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব ২১২ অব্দে ঘটল ইতিহাসের এক জঘন্যতম নিষ্ঠুর ঘটনা। সম্রাট কিন শি হুয়াং নিষ্ঠুর ও স্বৈরাচারী হলেও, তিনি বড়োই ভয় পেতেন মৃত্যুকে। তিনি অমরত্ব লাভ করতে চাইতেন। আর সেজন্যে দেশ-বিদেশ থেকে অ্যালকেমিস্ট ও পণ্ডিতেরা এসে তাঁকে নানারকম ভেষজ উদ্ভিদের ওষুধ দিচ্ছিলেন। আবার, এদিকে রাজামশাই নিজেকে ভাবতেন যে তিনি কোনও সাধারণ মানুষ নন– মেসিহা বা ঈশ্বরতূল্য। হয়তো এখনকার মতো নিজেকে সবকিছুর 'অনুপ্রেরণাদাতা' বা ‘নন-বায়োলজিক্যাল’ ভাবতেন বা নিজেকেই দেশ বলে মনে করতেন। আর সেজন্যই তিনি মৃত্যুহীন অমর জীবন লাভ করবেন। কিন্তু হায়! বাস্তব বা প্রকৃতি বড়োই কঠিন যে! বয়স বাড়ার সাথে সাথে তাঁর শরীরও দুর্বল হতে আরম্ভ করল এবং স্বাভাবিকভাবেই নানান শারীরিক জটিলতা দেখা দিল। যখন তিনি দেখলেন যে পণ্ডিত ও অ্যালকেমিস্টদের দেওয়া পারদ এবং বিভিন্ন ধাতব উপাদান দিয়ে বানানো তথাকথিত ‘অমরত্বের ওষুধ’ খেয়েও তাঁর বার্ধক্য ও অসুস্থতা কমছে না, তখন তাঁর মনে প্রথম সন্দেহ জাগে অ্যালকেমিস্ট ও পণ্ডিত এবং তাঁদের দেওয়া ওষুধের ওপর।


বর্তমান এই বিজ্ঞানের যুগে অমরত্বের ওষুধ সারাবিশ্বে আবিষ্কৃত হয়ে ওঠেনি, আজ থেকে কয়েক হাজার বছর আগে তো নয়ই। পারদের বিষক্রিয়ার কারণে রাজা আরও খিটখিটে হয়ে উঠলেন আর তাঁর হ্যালোসিনেশন শুরু হল। এই শারীরিক অবনতি জানান দিল যে ওষুধগুলো কাজ করছে না বা এভাবে স্বৈরাচারের মাধ্যমে অমর হওয়া যায় না। যাঁরা তাঁর চিকিৎসায় ছিলেন তাঁরা অনেকেই তাঁদের বিপদ বুঝে ভয়ে রাজধানী ছেড়ে একে একে পালিয়ে যেতে আরম্ভ করলেন। তাঁদের একাংশ সম্রাটের নিষ্ঠুর শাসনের সমালোচনা করলেন ও এভাবে কোনো রক্তমাংসের মানুষের পক্ষে অমরত্ব যে সম্ভব নয় অর্থাৎ তা যে পুরোপুরি ব্যর্থ চেষ্টা তা নিয়ে গোপনে ফিসফিস করে বলতে থাকলেন। কিন্তু রাজার গুপ্তচরদের মাধ্যমে রাজার কানে তা পৌঁছলে সম্রাট রাগে অন্ধ হয়ে যান। রাজা বুঝতে পারেন যে তাঁরা আসলে তাঁকে ঠকাচ্ছিলেন এবং তাঁদের কোনো অলৌকিক ক্ষমতা বা সফল প্রতিকার নেই। ক্ষিপ্ত হয়ে তিনি রাজধানী শিয়ানিয়াং-এ তদন্তের নির্দেশ দেন। তাঁর আদেশমতো রাজধানী শিয়ানিয়াং-এ তলব করা হয় অভিযুক্ত সেইসব রাজ-চিকিৎসকদের। তাঁদের সম্রাটের অবমাননা এবং রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ার পর বা জেরার মুখে ওই অ্যালকেমিস্ট ও পণ্ডিতেরা নিজেদের বাঁচানোর জন্য একে অপরকে দোষারোপ করতে শুরু করেন। কে কতটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাজকীয় তদন্তে ফাঁস হয়ে যায়। প্রচলিত ইতিহাস অনুযায়ী, প্রায় চারশো ষাট জন পণ্ডিতকে শাস্তি হিসেবে মাটি চাপা বা জীবন্ত কবর দেওয়া হয়। তবে কোনো কোনো আধুনিক ঐতিহাসিকের মতে, তাদের হয়তো মৃত্যুদণ্ড দিয়ে সাধারণ কবরে পুঁতে ফেলা হয়েছিল। এই নির্মম ঘটনাকে বলা হয় ‘ফেনশু কেনগ্রু’। আর ইতিহাসের পাতায় বিশেষ করে প্রাচীন চীনের ইতিহাসের ক্ষেত্রে এই সমগ্র ঘটনা ‘বই পোড়ানো ও পণ্ডিত পুঁতে ফেলা’ হিসেবে অত্যন্ত বিতর্কিত ও নিষ্ঠুর ঘটনা রূপে বিবেচিত হয়ে আছে।


নির্বোধ নিষ্ঠুর সম্রাট হয়তো কখনো ভাবেননি যে জ্ঞান কেবলমাত্র কাগজে বন্দি থাকে না। সম্রাটের নিষ্ঠুরতার খড়্গ বা কঠোর দমনপীড়ন দেখা সত্ত্বেও সেদেশের কনফুসীয় পণ্ডিত পিছু না হটে বা সম্রাটের চরণে নিজেদের সম্পূর্ণ সমর্পণ না করে বরং নিজেদের জীবন বাজি রেখে বিভিন্ন উপায়ে তাঁদের আদর্শ ও জ্ঞান বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কেউ মাটির নীচে, কেউ ঘরের গোপন দেওয়ালের ফোকড়ে বা ডাবল-দেওয়ালের ভেতরে লুকিয়ে রেখেছিলেন বই বা পুঁথির পাতা। আর যাদের কাছে কোনো কাগজ ছিল না, তাঁরা নিজেদের স্মৃতিকে লাইব্রেরি বানিয়ে নিয়েছিল। রাতের অন্ধকারে মোমের আলোয় ফিসফিস করে তাঁরা সেই জ্ঞান তুলে দিতেন তরুণ প্রজন্মের কানে কানে। কেননা, এই বুদ্ধিমান পণ্ডিতেরা জানতেন যে রাতের ঘোর অন্ধকারের মতো এই কুশাসন বা খারাপ সময়ের অবসান হয়ে নতুন ভোর আসবেই আর তাই রাতের অন্ধকারেও জ্ঞানের আলো জ্বালিয়ে রাখতেই হবে। সম্রাটের গুপ্তচরদের চোখ ফাঁকি দিয়ে পণ্ডিতেরা গোপনে ছোট ছোট দলে মিলিত হতেন এবং প্রাচীন দর্শনের চর্চা আলোচনার মাধ্যমে বজায় রাখতেন। আবার এদিকে সরাসরি সম্রাটের বিরোধিতা করা অসম্ভব হওয়ায়, পণ্ডিতেরা বেছে নিয়েছিলেন সম্রাটের নিষ্ঠুরতার বিরুদ্ধে পরোক্ষ সমালোচনা। তাঁরা রূপক ও প্রাচীন কবিতার মাধ্যমে তাঁদের অসন্তোষ প্রকাশ করতেন। এভাবেই কনফুসীয় পণ্ডিতেরা নিষ্ঠুর শাসক ও শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আর তাঁরা যে ভুল ছিলেন না তা বোঝা গেল কিছু বছর পর।


স্বৈরাচারী সম্রাট কিন শি হুয়াং ভেবেছিলেন যে তিনি এই নিষ্ঠুরতার মাধ্যমে অমর হবেন আর তাঁর এই লৌহকঠিন রাজত্ব আর তাঁর রাজবংশ হাজার হাজার বছর চীনে টিকে থাকবে। কিন্তু বাস্তব বা প্রকৃতি তা কি আর মানে? তাঁর এই চরম অত্যাচার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম তো দিয়েই ছিল। খ্রিষ্টপূর্ব ২১০ অব্দে তাঁর তো মৃত্যু হলই এবং মৃত্যুর ৪ বছরের মধ্যেই খ্রিষ্টপূর্ব ২০৬ অব্দে তাঁর সেই কিন সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না— রাষ্ট্রের ক্ষেত্রেও তাই। কিন রাজবংশের পর এল হান রাজবংশ। আর এল নতুন যুগ আর সেই সাথে হারানো গৌরবের চমক।


হান রাজবংশের আমলে কনফুসীয়বাদকে আবার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। পণ্ডিতেরা তাঁদের ঘরের নীচ থেকে বা ডবল দেওয়াল বা দেওয়ালের ফোকর থেকে বার করলেন লুকিয়ে রাখা পুরনো সমস্ত বই বা পাণ্ডুলিপি। কনফুসীয় দর্শনের গ্রন্থগুলো পুড়িয়ে ফেলা হলেও বহু প্রবীণ পণ্ডিত কনফুসীয় ক্লাসিকের বিশাল অংশ মুখস্থ করে রেখেছিলেন। কিন রাজবংশের পতনের পর তাঁরা মৌখিকভাবে তরুণ প্রজন্মকে তা শিখিয়েছিলেন। আর এভাবেই প্রবীণ পণ্ডিতদের মুখ থেকে ঝরে পড়া কথায় পুনর্জন্ম লাভ করল কনফুসীয়বাদ। সেইসব শ্রদ্ধেয় কনফুসীয় অনুগামী পণ্ডিতদের লুকিয়ে রাখা বই ও স্মৃতি থেকে পুনরুদ্ধার করা হল কনফুসীয় গ্রন্থগুলো যা আজ পর্যন্ত চীনা সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে টিকে রয়েছে। এভাবেই শুভবুদ্ধিসম্পন্ন কনফুসীয় পণ্ডিতদের দ্বারাই পুনরুদ্ধার হল মুক্তচিন্তা ও দর্শনের দ্বার কনফুসীয়বাদ। আর মানব সমাজ ও ইতিহাস প্রমাণ করল যে শাসক বই পোড়াতে পারে, বই নিষিদ্ধ করতে পারে, তার সমালোচক পণ্ডিতদের শাস্তি দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে আরও কত কি করতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে, এত নিষ্ঠুরতার প্রদর্শন সত্ত্বেও সে তার কোনো তরবারি বা অস্ত্র দিয়েও মানুষের জ্ঞানশিখাকে চিরতরে নিভিয়ে দিতে পারে না। বই বা জ্ঞানের জয় হয় আর হবেই— সে প্রাচীন চীন হোক বা অধুনা এই বাংলায় কিংবা বিশ্বের যেকোনো প্রান্তে ও যেকোনো সময়ে।

0 comments: