সম্পাদকীয়
Posted in সম্পাদকীয়'এমন ঘটনা তো কতই ঘটে!' একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে এমনই এক মন্তব্য করেছিলেন এক রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটলো, যাকে আলাদাভাবে মনে না রেখে উপায় নেই।
উত্তরাখণ্ডের একটি ছোট্ট জনপদ কোটদ্বার। সেখানেই এক বাজারে একটি স্কুল ইউনিফর্মের দোকান চালান এক মুসলমান ব্যবসায়ী। যার নাম 'বাবা স্কুল ড্রেস এন্ড ম্যাচিং সেন্টার।' কাহিনির এই পর্যন্ত নিস্তরঙ্গ। সহসা একটি হিন্দুবাদী সংগঠনের কিছু সদস্যের মনে হল 'বাবা' শব্দটির উপর তাঁদের পুরুষানুক্রমিক অধিকার। তাঁরা ফতোয়া জারি করলেন, হয় এই শব্দটি প্রত্যাহার করতে হবে নয়তো ব্যবসাটি বন্ধ করে দিতে হবে। এমতাবস্থায় রুখে দাঁড়ালেন স্থানীয় এক তরুণ। তাঁর পরিচয় জানতে চাওয়া হলে বললেন, তাঁর নাম মহম্মদ দীপক। মহম্মদ দীপক? এমনও নাম হয় নাকি? শেষ অবধি যখন জানা গেল, তাঁর প্রকৃত নাম দীপক কুমার, ক্ষোভে ফেটে পড়ল আক্রমণকারী জনতা। কিন্তু এই মানুষটিকে টলানো গেল না। যে জিম থেকে হত তাঁর রুটি-রুজির সংস্থান, সেই জিমটিও হল আক্রান্ত। কিন্তু বন্ধ হল না এক বৃদ্ধের সারা জীবন ধরে তিলতিল করে গড়ে তোলা এক বিপণি।
আজ থেকে পঞ্চাশ বছর আগে জন লেনন একটি গান লিখেছিলেন। বলেছিলেন, কল্পনা কর...।'
স্বপ্নের পৃথিবীকে নিয়ে লেখা অমর সেই কথাগুলি যেন ফিরে এল আজকের 'হিংসায় উন্মত্ত এই পৃথ্বী'তে - অংশত ধর্মান্ধ এই ভারতবর্ষে।
রাত পোহালেই 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। এমন সন্ধিক্ষণে আমাদের প্রত্যেকের মানবিক মূল্যবোধগুলি জাগ্রত রাখা একান্ত জরুরি বলে মনে হয়।
সুস্থ থাকুন। দায়বদ্ধ থাকুন।
শুভেচ্ছা অফুরান।



0 comments: