0

গল্প - বিশ্বজিৎ দত্ত

Posted in




















বরুণবাবু খুব দুঃখী। একটি মস্ত বিপর্যয় ঘটে গেছে আজ তাঁর সাথে।


তাঁর অফিসে যাওয়ার পথে ড্রাইভার বঙ্কু আরেকটু হলেই এক পথচারীকে চাপা দিয়ে ফেলছিল। সঙ্গে সঙ্গে

গড়িয়াহাটের মোড়ে ভিড়। গাড়ি থেকে নেমে তিনি ফার্স্ট-এডও দিয়ে দিলেন পথচারীকে। কোনো প্রাণহানির ঘটনা

ঘটেনি, কিন্তু তার থেকেও বড় দুর্যোগ ঘটে গেল, এবং বরুণবাবু সেটি বুঝতে পারলেন অফিসে গিয়ে, যখন তিনি

একটি দরকারি কাগজে সই করার জন্য নিজের বুকপকেটে হাত দিলেন। একদম ভ্যানিশ। তাঁর ৩০ বছরের

পুরোনো মঁ ব্লাঁ কলমটি কে মেরে দিয়েছে।




এই শোকের ধাক্কা সামলাতে না পেরে তিনি অমৃতবাজার পত্রিকার সম্পাদকের ঘর থেকে বেরিয়ে চলে গেলেন

নিজের ঠাকুরপুকুরের বাড়িতে। অফিসের সবাই বুঝল, আজ আর সম্পাদক মশাই প্রুফ রিড করবেন না।

এই মঁ ব্লাঁ পেনটি দিয়ে তিনি অনেক বিখ্যাত লেখকের প্রুফ ঠিক করেছেন, এবং শুধু কি প্রুফ? এক প্রখ্যাত

কবির কবিতার লাইন ছিল: "এখানে মেঘ গরুর মতন চরে।" উনি গরু কেটে গাভী করে দিয়েছিলেন। সেই বছর সেই

কবি সাহিত্য পুরস্কার পান। উনি অবশ্য বরুণবাবুকে অ্যাকনলেজ করেননি। এই সোনার পেন হারানোর দুঃখ কি

সহজে ভোলা যায়?




দু'দিন বরুণবাবু আর অফিসের দিকে গেলেন না। পেন হারানোর শোক ভোলাতে তিনি ঠিক করলেন যে কলেজ

স্ট্রিট যাবেন। অনেক দোকান ঘুরে উনি কিছু বই কেনার চেষ্টা করলেন, কিন্তু তাতেও সফল হলেন না। মন

ওনার পড়ে রইল তাঁর প্রিয় মঁ ব্লাঁ পেনের দিকে। শেষে যখন তিনি বঙ্কুকে ডেকে গাড়িতে চাপতে যাবেন, হঠাৎ

তাঁর চোখ পড়ল আনন্দ পাবলিশার্সের দোকানের সামনের ফুটপাতে। একটি লাল আলখাল্লা পরা কাপালিক বসে

আছে, এবং তার সামনে একটি টারপোলিনের সতরঞ্চি। তাতে রাখা একটি পুরোনো হাতঘড়ি, একটি কম্পাস, ও

একটি মঁ ব্লাঁ পেন।




বরুণবাবু পেনটি হাতে তুলে দেখলেন—এ কী আশ্চর্য বস্তু! এ যেন তাঁর হারিয়ে যাওয়া পেনটি তাঁর হাতে আবার

ফেরত চলে এসেছে। বা যমজ ভাই যেন। তাঁর আর তর সইল না।

কাপালিককে বললেন, "পেনটির দাম কত?"

"পাপের দাম মৃত্যু," কাপালিকের মুখ থেকে এই বাণী নিঃসৃত হলো।

বরুণবাবু একটু চমকে তাকালেন কাপালিকের দিকে। বললেন, "কিছু বলছেন?"

"হেঁ হেঁ, বাবু, না তো। যা আপনার পছন্দ হয় তাই দিন।"




বরুণবাবু পকেট থেকে ৩০টি টাকা বার করে কাপালিককে ধরিয়ে দিলেন। ধরিয়েই ড্রাইভারকে ডাকলেন, "চলো,

বাড়ি যাব।" গাড়িতে যখন চড়তে যাবেন, উনি একবার পিছন ফিরে দেখলেন কাপালিক যেন তাঁর দিকে আঙুল

দেখিয়ে কিছু মন্ত্র পড়ছে। কাপালিকের মুখটাও কেন জানি তাঁর চেনা চেনা মনে হলো।




বরুণবাবুর তর সইছিল না। অনেকদিন পর দোসর ফেরত পেলে যা হয়, ওনার ব্যবহারটাও সেরকম হতে লাগল। মঁ

ব্লাঁ পেনটি দিয়ে উনি খাতার পর খাতা, বা পাতার পর পাতা ভরাবার জন্য উন্মুখ হয়ে উঠলেন। বাকি দুটো

জিনিস—কম্পাস এবং ঘড়িটি—উনি কী করবেন বুঝতে না পেরে আলমারির লকারে রেখে দিলেন। দরকার পড়লে

দেখা যাবে।




প্রচুর কাজও ওনার পড়ে রয়েছে। পূজাবার্ষিকী বেরোতে চলেছে, তার প্রুফ রিড করা বাকি। পেনটি পেয়ে গিয়ে

ভালোই হয়েছে, এবার সময়টা কাটবে ভালো।




তবে দু'দিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল। একটি প্রবন্ধের প্রুফরিড করছিলেন তিনি। প্রবন্ধটি প্রখ্যাত

ইন্সপেক্টর নগেনবাবুকে নিয়ে। উনি ছিলেন ক্রিমিনালদের যম, কলকাতার শার্লক হোমস বলে ওনাকে ডাকা

হতো। লেখাটিতে মুনশিয়ানা আছে, খালি একটি ছোট্ট তথ্যের ভুল: ওনার মৃত্যুর সালটি ২০২৪ করা আছে। ঠিক

সালটা একবার দেখে নিয়ে তারপর লিখতে হবে। বরুণবাবু স্টার মার্ক দিয়ে রাখলেন এবং ঠিক করলেন, পরের

দিন ভুলটা চেক করে ঠিক সালটি লিখে রাখবেন। পরের দিন সকালে চায়ে একটি চুমুক দিয়ে উনি প্রবন্ধটির

প্রুফরিডিং-এ ফিরে গেলেন এবং দেখলেন, ২০২৪-টি কেটে ২০২৬ করে রাখা আছে। তবে কি উনি রাতেই ঠিক

সালটি লিখে দিয়েছিলেন? হবে হয়তো।




এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকল। মোগল সম্রাট বাবরের উপর একটি প্রবন্ধে সালটি ভুল লেখা ছিল। উনি

আবার স্টার মার্ক দিয়ে রেখেছিলেন এবং পরের দিন সকালবেলা দেখলেন, সঠিক সালটি লেখা রয়েছে। হাওড়া

ব্রিজের উৎপত্তির উপর একটি চিঠিতে কেউ ১৯৫০ লিখেছিল, সেটা নিজে থেকেই পরের দিন ১৯৪৭ হয়ে গেল।

এই কলম যেন ধনুর্ভঙ্গ পণ করেছে, কোনো ভুল সে লিখতে দেবে না।




কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকল না। অফিসে লাঞ্চ টাইমে খুনসুটি চলছিল। কেউ একজন মজা করে

বললেন, নকুড়বাবুর তো ৪০ বছর বয়সী একটি বান্ধবী আছে। বরুণবাবু হাতে পেনটি নিয়ে তখনও প্রুফরিডই

করছিলেন; অন্যমনস্ক হয়ে উনি এই লাইনটি প্রবন্ধে লিখে ফেললেন। বিকেলবেলা যখন প্রিন্টে দিতে যাবেন,

দেখলেন লেখা রয়েছে, নকুড়বাবুর একটি ৩৫ বছরের বান্ধবী আছে। বরুণবাবু হাসতে গিয়েও হাসতে পারলেন না।

নকুড়বাবুকে জিজ্ঞেস করলেন, "নকুড়, তোমার বান্ধবীর বয়স কি ৩৫ বছর?"

নকুড়বাবুর মুখটা হাঁ হয়ে গেল। "আপনি কী করে জানলেন? দয়া করে কাউকে বলবেন না, না হলে আমি প্রচণ্ড

সমস্যায় পড়ে যাব। আমার বিয়ে পর্যন্ত ভেঙে যেতে পারে।"




বরুণবাবু কিছু না বলে চুপচাপ নিজের চেয়ারে ফেরত এলেন। এবার পেনের ক্ষমতাটা নিয়ে তিনি একটু ভয় পেলেন।




সেই রাতে বরুণবাবু একটি দুঃস্বপ্ন দেখলেন। তাঁর ছোট ভাই বলাই পুকুরে ডুবে যাচ্ছে, আর বরুণবাবু হাঁ হয়ে

দেখছেন। বরুণবাবু সাঁতার জানেন না; উনি চিৎকার করে উঠছেন, "বলাই! বলাই!" কিন্তু বলাই ছটফটিয়ে হাত-পা




ছুড়তে ছুড়তে বড় সায়রে তলিয়ে গেল। বরুণবাবু ঘুম থেকে উঠলেন; পুরো বিছানা ঘামে ভিজে গেছে। তাঁর মনে পড়ল

যে কাপালিকের মুখশ্রীটি পুরো তাঁর ছোট ভাই বলাইয়ের মতো।




আজ থেকে ৫০ বছর আগে বরুণবাবু দুর্গাপুরে থাকতেন, এবং সেখানে একটি দুর্ঘটনা ঘটে। বরুণবাবুর ছোট ভাই

বলাই বড় সায়রে তলিয়ে যায়। এর কিছুদিন পরই বরুণবাবু, তাঁর বাবা এবং মা দুর্গাপুর ছেড়ে কলকাতায় এসে

ওঠেন।

উনি কলেজ স্ট্রিটে আবার ঘুরতে গেলেন। ভেবেছিলেন, ওই কাপালিককে খুঁজে পাওয়া গেলে জিজ্ঞেস করবেন,

"এই পেনের কী রহস্য?" কিন্তু না, সেই কাপালিককে আর পাওয়া গেল না। আনন্দ পাবলিশার্সের অফিসের

সামনের ফুটপাতটি খালি। সেখানে কে একজন চায়ের দোকান দিয়েছে।




বরুণবাবু বাড়ি ফিরে এসে ঘড়ি এবং কম্পাসটি বার করলেন। ঘড়িটি ৭:৫৫-তে থেমে আছে, এবং কম্পাসটি

সবসময় ঈশান কোণের দিকে ইঙ্গিত করে চলেছে। এই দুটোকে উনি সারানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু

পারেননি। আবর্জনা ভেবে উনি আলমারির ড্রয়ারে রেখে দিয়েছিলেন। কিন্তু মঁ ব্লাঁ পেনের এই আশ্চর্য

ক্ষমতার সাথে কি এই দুটো জিনিসের কোনো সম্পর্ক লুকিয়ে আছে? কাপালিকটিকে তাঁর ভাইয়ের মতন কেন

দেখতে? বরুণবাবু এই রহস্যের কূলকিনারা করে উঠতে পারলেন না। ওনার মাথা কাজ করছে না; ঠিক করলেন

কিছুদিন বিশ্রাম নেবেন। ঘাটশিলায় মামার বাড়ি আছে, সেখানে মামা একাই থাকেন। উনি কিছুদিন ওইখানে থেকে

হাওয়া বদল করবেন। অফিসে চিঠি পাঠিয়ে দিলেন যে উনি ১০ দিনের জন্য ছুটি নিচ্ছেন; কালকে ট্রেন ধরেই উনি

বেরিয়ে পড়বেন ঘাটশিলায়।




এরপরে বরুণবাবুর টেলিফোনটি বেজে উঠল।




"হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বরুণ বলছি। ও, তাই? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।"




ফোনটি নামিয়ে রাখলেন বরুণবাবু। উনি সেরা বাঙালির পুরস্কার পেয়েছেন। এটি একটি অত্যন্ত নামী

অ্যাওয়ার্ড, এবং যে সংস্থা এই পুরস্কার দেয়, তারা ওনার কাছ থেকে একটি ছোট বায়ো চেয়েছে।




বরুণবাবু লিখতে শুরু করলেন।

নাম: বরুণ গুপ্ত।

বয়স: ৫৬ বছর।

অনুপ্রেরণা: রবীন্দ্রনাথ ঠাকুর এবং এডগার অ্যালান পো।

ছোটবেলার কী জিনিস মনে পড়ে? মায়ের হাতের পায়েস এবং ভাইয়ের আকস্মিক মৃত্যু।




এটি লিখে উনি কাগজটা ফোল্ড করলেন। একটা সিগারেট খেয়ে মাথাটা একটু ছাড়ানো দরকার। ঘাটশিলায়

যাওয়াটা আপাতত পোস্টপোন করতে হবে।

ফিরে এসে চিঠিটা আবার খুললেন এবং দেখলেন, কারেকশন শুরু হয়ে গেছে।

লেখা: নাম বরুণ গুপ্ত,

বয়স ৫৬ বছর,

মৃত্যুদিন - ৭:৫৫ ২৬/১১/২০২৬,

মৃত্যুর কারণ সুইসাইড।




বরুণবাবু কাগজটাকে কুচি কুচি করে ছিঁড়ে দিলেন। না, উনি এরকম করবেন না।




ছোটবেলায় ভাই বলাই প্রচণ্ড দুষ্টুমি করত ওনার সাথে। ওনার একটি ছোট্ট হাতঘড়ি ছিল, জন্মদিনে উপহার

পেয়েছিলেন; বলাই বোধহয় ওটা কেড়ে নিয়েছিল। রাগের মাথায় উনি ধাক্কা দিয়ে বলাইকে পুকুরে ফেলে

দিয়েছিলেন। বলাই সাঁতার জানত না। বরুণবাবুও জানতেন না, ভাই বলাই এভাবে তলিয়ে যাবে। ঠিক ৭:৫৫-তে বলাই

জলে পড়ে গিয়েছিল। পুকুরটি ছিল তাঁদের বাড়ির ঈশান কোণে।




কম্পাস এবং ঘড়ির তাৎপর্য এবার বুঝতে পারলেন বরুণবাবু। তিনি তাঁর হাতঘড়ির দিকে তাকালেন। ৭:৫৫

বাজতে আর মাত্র আধ ঘণ্টা বাকি।

0 comments: