প্রাক-কথন
কিছুদিন আগে বন্ধু-বান্ধবদের সাথে মৌশুনি দ্বীপ আর গঙ্গাসাগর ঘুরতে গেছিলাম। কথায় বলে
“সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার”। ঠিকই বলে, কারণ গঙ্গাসাগর ভ্রমণ করতে গেলে বেশ
কৃচ্ছ্রসাধন করতে হয়। বর্তমান যানবাহনের ব্যবস্থায় তা কিছুটা কমলেও (কিছু ক্ষেত্রে
বাড়লেও), কল্পনা করতে অসুবিধা হয়না যে একশো-দুশো কি এক হাজার বছর আগে এই
তীর্থক্ষেত্রে মানুষের যাতায়াত করা কতোখানি কষ্টকর ছিল।
গঙ্গাসাগর অর্থাৎ যেখানে গঙ্গা সাগরে গিয়ে মিশছে, সেখানে তার কলেবর বৃহৎ, প্রধান
ভূখণ্ডের কাকদ্বীপ থেকে গঙ্গা পার করে উল্টোদিকের সাগর দ্বীপে যাওয়াটাই বেশ সময়-
সাপেক্ষ এবং কষ্টকর। তাও আবার উল্টোদিকে পৌঁছানো যাবে সাগর দ্বীপের কচুবেড়িয়া অঞ্চলে,
যেটা গঙ্গাসাগর বা কপিল মুনির আশ্রম থেকে প্রায় ৩৫ কিমি উত্তরে অবস্থিত। এখন নাহয় ঝাঁ-
চকচকে রাস্তায় যানবাহন সহজলভ্য, কিন্তু ধরুন একশো বছর, কি স্রেফ স্বাধীনতার সময়েও এই
পলিমাটিতে উর্বর দ্বীপ ছিল অরণ্য-সংকুল, সেই আদিম বনানীতে হিংস্র জন্তুর অভাব ছিল না,
হয়তো অনেক অনেক দূরে ছিল কিছু জনবসতি, আর ছিল তেজস্বী সাধুদের আখড়া। আজকের সুন্দর
সাজানো-গোছানো সাগর দ্বীপ দেখে সত্যিই কল্পনা করা যায় না।
কিন্তু একজন তো এসেছিলেন এই পান্ডব-বর্জিত এলাকায় আজ থেকে প্রায় চার হাজার বছর
আগে। তখন এই জায়গাটি এতোটাই অগম্য ছিল যে উত্তরভারতীয় বৈদিক ব্রাহ্মণেরা এটিকে
“পাতাল” আখ্যা দিয়েছিলেন। তিনি কে? তিনি আর কেউ নন, হিন্দু দর্শনের অন্যতম প্রধান ধারা
সাংখ্য দর্শন-এর প্রবর্তক, ঋষি কর্দমের পুত্র কপিল মুনি।
গঙ্গাসাগরে ঘুরতে ঘুরতে, সমুদ্র সৈকত থেকে পবিত্র বারিধারা সংগ্রহ করতে করতে আমার
বারংবার এই অসামান্য তেজদ্বীপ্ত, সাহসী, পন্ডিত ঋষিপ্রবরের কথাই স্মরণে আসছিল। প্রায়
বছর পাঁচেক আগে একটি বই পড়েছিলেম, শ্রী শুদ্ধসত্ব ঘোষ- বিরচিত “গঙ্গাহৃদি”, সেখানে কপিল
মুনির কিছু পরিচয় পেয়েছিলাম।
কেন তিনি এরকম জনমানবহীন প্রান্তরে এসে কঠোর তপস্যায় নিমজ্জিত হলেন, কোশলের সগর
রাজার ৬০০০০ পুত্রের ভস্ম হয়ে যাওয়ার গল্পটাই বা কি, সগরের প্রপৌত্র রাজা ভগীরথের
গঙ্গা আনয়নের কাহিনী আসলে কি সেই যুগের hydraulic engineering এর একটি কীর্তিস্তম্ভ?
কোশল – সগর রাজার কাহিনী
প্রায় চার থেকে পাঁচ হাজার বছর আগের কথা। অয্যোধ্যা নগরী তখন কোশল সাম্রাজ্যের
অন্তর্গত ছিল, আর কোশল রাজত্ব করতেন সূর্য বংশের রাজা সগর। পৌরাণিক মতে, সূর্যদেবের
সন্তান মনুর থেকে এই বংশের উৎপত্তি। মনুর সন্তান ইক্ষ্বাকুর নামে এই বংশের নাম। দ্বাপর
যুগের অবতার শ্রীরামচন্দ্র এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন। সগর ছিলেন রামের একবিংশতম
পূর্বপুরুষ।
সগর রাজের রাজত্বে বর্ণাশ্রম ছিল প্রবল। ব্রাহ্মণের কাজ যজনা, ক্ষত্রিয়ের কাজ রাজ্যচালনা
এবং যুদ্ধ বিগ্রহ করা, চাষবাস থেকে শুরু করে যাবতীয় জীবিকানির্ভর কাজ ছিল বৈশ্য এবং
শুদ্রদের। এছাড়াও প্রবল ছিল দাসপ্রথা। যুদ্ধবন্দিদের বা বিদ্রোহীদের দাস বানানোটাই ছিল
নিয়ম। তাদের জীবনের কোন মুল্য ছিল না। উচ্চবর্ণের জন্য নিরন্তর শ্রমদান এবং মনিবের
অনুগ্রহে খেতে-পরতে পারাটাই ছিল তাদের নিয়তি।
কিন্তু এতো কিছু করেও সগর রাজ্যের কোষাগারে টান পড়লো, দরকার হোল অন্য রাজ্য জয় তথা
লুটপাট করে অর্থবৃদ্ধি করার। কুলগুরু বশিষ্ঠ বংশিয় ব্রাহ্মণের আশীর্বাদে একটি অশ্বমেধ
যজ্ঞের আয়োজন করা হোল। একটি সাদা ঘোড়াকে হলুদের প্রলেপ লাগিয়ে পূজা করে তাকে ছেড়ে
হবে। সঙ্গে যাবে রাজার সৈন্য-সামন্ত। এই ঘোড়া যে যে রাজ্য দিয়ে যাবে, সেই রাজ্য কর দিয়ে
কোশলের বশ্যতা স্বীকার করবে, যে না করে ঘোড়াটিকে আটকাবে, তার সঙ্গেই হবে যুদ্ধ।
এই অশ্বমেধের ঘোড়াটিকে রক্ষণাবেক্ষণ করে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়লো কুমার অসমঞ্জের
উপর। কুমার অসমঞ্জ সগরের পুত্র এবং এর মধ্যেই তিনি নিষ্ঠুরতার জন্য নাম করেছিলেন। তাঁর
নেতৃত্বে সগরের “সন্তান দল” রাজ্যের মানুষের উপর অকথ্য অত্যাচার করতেন এবং তা এতোটাই
যে, অতীতে সগর বাধ্য হয়েছিলেন অসমঞ্জকে নির্বাসনে পাঠাতে। কোশলের যুবরাজ হয়েছিলেন
সগরের পৌত্র অংশুমান।
যাইহোক, এখন দুর্দান্ত-স্বভাব অসমঞ্জের দরকার পড়ল। তাঁর নজরে ছিল পূর্বদিকের গণরাজ্য
গুলি। পশ্চিমে রাজতন্ত্রের শাসনাধীন পাঞ্চাল, মৎস্য ছিল কোশলের মতোই বর্ণাশ্রম-প্রথার
ধ্বজাধারী এবং বন্ধু রাষ্ট্র। বরং পূর্বে গণসঙ্ঘের শাসনে যে রাজ্যগুলি চলে, সেগুলি অপেক্ষাকৃত
ছোট এবং দুর্বল।
এখানে বলে রাখা দরকার, প্রাচীন রোমের থেকে অন্তত দু-আড়াই হাজার বছর আগেই আমাদের
দেশে “republic” কন্সেপ্ট ছিল। বহু রাজ্য যেমন বৈশালী, শাক্য, যৌধেয়-রা ছিল গণসঙ্ঘ দ্বারা
পরিচালিত। মহাভারতে বা হরিবংশমে যাদবদের কথা মনে করুন, পাঠক। মহারাজ উগ্রসেন আদতে
ছিলেন একজন গণমুখ্য, অর্থাৎ গণসঙ্ঘের মুখ্য। আলোচনার মাধ্যমে গণসঙ্ঘে যে সিদ্ধান্ত
নেওয়া হত, সেটাই তাঁকে পালন করতে হত। রাজতন্ত্রের সার্বভৌমত্ব তাঁর ছিল না।
প্রাচীন বাংলাদেশ
কোশলের পূর্বে বঙ্গদেশে এরকম অনেকগুলি ছোট ছোট গণরাজ্য ছিল সেই সময়ে। পুরাণমতে ঋষি
দীর্ঘতমার পুত্র হিসাবে ধরা হত এই রাজ্যগুলিকে – অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র ও সুহ্ম। আগেই
বলেছি বৈদিকদের চোখে এই রাজ্যগুলি ছিল ম্লেচ্ছ, অগম্য। তাই বামন-রূপী বিষ্ণুর দ্বারা
দৈত্যরাজ বলিকে “পাতালে” পাঠানো হচ্ছে আদতে এই জায়গায় পাঠানো।
যাইহোক, প্রাচীন বাংলা তখন বঙ্গ,পুণ্ড্র, সুহ্ম, লাঢ় (অথবা রাঢ়), হরিকেল, প্রভৃতি রাজ্যে
বিভক্ত ছিল। প্রতিটা রাজ্যের জমি, আবহাওয়া, মানুষ ছিল স্বতন্ত্র। বর্তমান পশ্চিমবঙ্গ-
বাংলাদেশের মিলিত জায়গায় এই রাজ্যগুলির সীমানা এখন চিহ্নিত করা কঠিন, কিন্তু মোটামুটি ধরা
যেতে পারে - পুণ্ড্র হোল উত্তরবঙ্গ, লাঢ় হোল বর্ধমান-বাঁকুড়ার লালমাটি অঞ্চল, সুহ্ম
সম্ভবত দক্ষিণের দিকে পড়তো আর বঙ্গের মধ্যে ছিল প্রাচীন গৌড়। এই রাজ্যগুলির পশ্চিমে
ছিল ঝাড়িখন্ডের নিবিড় জঙ্গল, আর পূর্বদিকে ছিল প্রাগজ্যোতিষপুর, যেটা বর্তমানের আসাম।
কোশল-রাজ সগরের অনুমতি পেয়ে অসমঞ্জ তাঁর দুর্ধর্ষ বাহিনীকে নিয়ে পুণ্ড্ররাজ্য আক্রমণ
করে বসলো। অবশ্যই এই আক্রমণের একটা কারণ ছিল এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উপর
কর্তৃত্বলাভ। অন্যান্য গণরাজ্যগুলির মতোই পুণ্ড্ররাজ্যের কোন আলাদা সেনাদল ছিল না, অন্য
পেশায় নিযুক্ত লোকজনই যুদ্ধ করতো। তারা অসমঞ্জের বাহিনীর সাথে পেরে উঠলো না, এবং
পুণ্ড্ররাজ্যের পতন ঘটে গেল।
এরপরের ঘটনা পুরাণে বর্ণিত হয়েছে এভাবে – দেবরাজ ইন্দ্র সগরের পরাক্রমে ভীত হয়ে (যেমন
তিনি হয়ে থাকেন) অশ্বমেধের ঘোড়াটিকে চুরি করলেন রাতের অন্ধকারে। ঘোড়ার খোঁজে সগর রাজা
এবং তাঁর ষাট হাজার সন্তান দক্ষিণে গঙ্গাসাগরে এসে উপস্থিত হোল। সেখানে মহর্ষি কপিল
ছিলেন ধ্যানে মগ্ন। সগর রাজ কপিল মুনিকে ঘোড়া চুরি করার বদনাম দেওয়াতে কপিল মুনি শুধু
একবার তপস্যা ভঙ্গ করে তাদের দিকে ক্রোধের দৃষ্টি দিলেন। তাতেই সগর সহ ষাট হাজার পুত্র
ভস্ম হয়ে গেল। এরপর আসছে সগরের উত্তরসূরি ভগীরথের দ্বারা গঙ্গা আনয়ন এবং পবিত্র মা
গঙ্গার দ্বারা প্লাবিত হয়ে সগর রাজ সহ ষাট হাজার পুত্রের “মুক্তি”-লাভ।
পুরাণের আড়ালে ইতিহাস
কিন্তু এই পুরাণের কাহিনীর পেছনে কি কোন ইতিহাস আছে? আমরা দেখেছি আমাদের পুরাণাকার
যারা, তাঁরা কিন্তু রূপক ও কল্প কাহিনীর আড়ালে প্রকৃত ইতিহাসের বা কোন বড়সড় বৈজ্ঞানিক
কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে গেছেন। হ্যাঁ, গণেশের মাথা আদি যুগের প্লাস্টিক সার্জারি করা
হয়েছিল বা রাবণের প্রাইভেট জেট ছিল বা গোরুর দুধে সোনা পাওয়া যায় – এগুলি সবকটাই উদ্ভট
অতিরঞ্জন বা অলস নির্বোধ মস্তিষ্কের ফসল, যা আমাদের পুরাণ – মহাকাব্যগুলিকে বিশ্ব-
দরবারে হাস্যস্পদ করে তুলেছে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে রামায়ণ-মহাভারত- হরিবংশম – পুরাণ –
জাতক এবং আরও সমসাময়িক গ্রন্থাদি ঠিক মতো অধ্যয়ন করতে পারলে দেখা যায় এতে লুকিয়ে
আছে আমাদের ভারতবর্ষের অন্তত দশ হাজার বছরের ইতিহাস।
কপিল মুনির কাহিনীতে ফেরত এসে প্রথমেই আমার মনে প্রশ্ন জাগে – রাজা ভগীরথ গঙ্গা “নিয়ে
এলেন” মানেটা কি? গঙ্গা আমাগো বঙ্গদ্যাশে কি আগে ছিল না? কিন্তু মা গঙ্গা তো গঙ্গোত্রী
হিমবাহ থেকে উদ্ভুত হয়েছেন (নাকি মহাদেবের জটা থেকে?), পবিত্র জাহ্নবীর চিরন্তন
বারিধারায় স্নাত হয়ে কতো পাপী-তাপী নিষ্কৃতি পেয়ে যায়।
সেই গঙ্গাকে “মর্তে আনয়ন করা” কথাটির অর্থ কি?
আধুনিক সেচ তত্ত্ব - উইলিয়াম উইলকক্স
কৌতূহলী হয়ে একটু পড়াশোনা করতে শুরু করলাম। আমার সামনে এলো ১৯৩০ সালে প্রকাশিত
স্যার উইলিয়াম উইলকক্সের লেখা একটি পেপার “Lectures on the Ancient System of
Irrigation in Bengal”। স্যার উইলকক্স ছিলেন একজন অত্যন্ত বিখ্যাত ও দূরদর্শী ব্রিটিশ
সেচ প্রকৌশলী (Irrigation Engineer), বিশ্বজুড়ে নদী নিয়ন্ত্রণ ও প্রাচীন জলসেচ ব্যবস্থা
পুনরুজ্জীবিত করার কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন। তাঁকে আধুনিক সেচবিদ্যার অন্যতম
পথিকৃৎ বলা হয়। ভারতের নদী ও প্রাচীন সেচ ব্যবস্থা নিয়ে তাঁর গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের আগে তিনি মিশরের নীল নদের উপর বিখ্যাত আসোয়ান বাঁধ (Old Aswan Dam) নকশা ও
নির্মাণ করেছিলেন, যা মিশরের কৃষিকাজে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল।
“Lectures on the Ancient System of Irrigation in Bengal”- এ উইলকক্সের গবেষণায়
হাজার বছরের পুরনো এক উন্নত জল ব্যবস্থাপনা নেটওয়ার্কের বিবরণ উঠে আসে, যা
তৎকালীন আধুনিক ব্রিটিশ প্রশাসকরা সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন বলে তিনি বিশ্বাস
করতেন। তাঁর তত্ত্ব ছিল এরকম –
১. প্লাবন সেচ তত্ত্ব (The "Overflow Irrigation" Theory): তিনি লক্ষ্য করেন যে নিম্ন
ভাগীরথীসহ গঙ্গা-দামোদর বদ্বীপের দক্ষিণমুখী নদীগুলো সম্পূর্ণ প্রাকৃতিক নয়। এগুলো আসলে
প্রাচীন রাজাদের খনন করা মনুষ্য-নির্মিত প্লাবন খাল। এই খালগুলো চওড়া ও অগভীর হওয়ায়
বন্যার সময় নদীর তলদেশের ক্ষতিকর মোটা বালি বাদ দিয়ে কেবল ওপরের উর্বর পলি-জল
জমিতে ছড়িয়ে দিত। এতে বঙ্গদেশ সুজলা সুফলা হয়ে উঠেছিল।
২. নিখুঁত বিন্যাস: বদ্বীপের খালগুলোর অবস্থান ও পারস্পরিক দূরত্ব এতটাই নিখুঁত ছিল যে তা
কোনো প্রাকৃতিক আকস্মিকতা হতে পারে না। সমগ্র বাংলার কৃষি বলয়ে সুষম সেচ দেওয়ার জন্য
এগুলোকে সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট দূরত্বে খনন করা হয়েছিল।
৩. উর্বরতা ও স্বাস্থ্য রক্ষা: এই ব্যবস্থা একসঙ্গে দুটি কাজ করত। প্রথমত, নদীর সূক্ষ্ম
পলি মাটির উর্বরতা বাড়িয়ে দিত। দ্বিতীয়ত, জমিতে জল জমতে না দিয়ে তা নিয়মিত প্রবাহিত
করায় মশার লার্ভা ধ্বংস হতো, যা প্রাকৃতিকভাবে ম্যালেরিয়া প্রতিরোধ করত।
৪. ব্রিটিশ বাঁধ নীতির সমালোচনা: ব্রিটিশরা বন্যা রুখতে নদীর দুপাশে উঁচু স্থায়ী বাঁধ দেওয়ায়
প্রাচীন প্লাবন খালগুলোর মুখ বন্ধ হয়ে যায়। এর ফলে নদীখাত বালিতে ভরাট হয়ে বন্যা আরও
মারাত্মক রূপ নেয়, জমির উর্বরতা কমে যায় এবং স্থবির জলের কারণে বাংলায় ম্যালেরিয়া
মহামারী আকার ধারণ করে।
উইলকক্স সাহেবের তত্ত্ব অনুযায়ী গঙ্গোত্রী হিমবাহ থেকে বেরিয়ে গঙ্গা প্রবল বেগে পাহাড়
থেকে সমতলে নেমে এসে পড়ে হরিদ্বারে। এখানে তার অভিমুখ ছিল দক্ষিণে এবং দক্ষিণ-পশ্চিমে,
কারণ সমতলভূমির ঢাল ছিল সেদিকেই। অর্থাৎ অতীতে গঙ্গা সরস্বতী এবং আদি-যমুনার
সমান্তরাল খাতেই বইত, যে সরস্বতী পশ্চিমদিকে থর মরুভূমি এবং কচ্ছের রণ হয়ে আরব সাগরে
গিয়ে পড়তো। কোশল রাজ্য অতিক্রম করে সরাসরি সমুদ্রে গিয়ে না মিশে, গঙ্গার জলরাশি ছড়িয়ে
পড়তো অসংখ্য বিশালাকার, অগোছালো হ্রদ ও জলাভূমিতে। বাল্মীকি রামায়ণে কোশলের ঠিক
পরবর্তী অঞ্চলটিকে বিপজ্জনক জলাভূমি ও দুর্গম জলরাশির এলাকা হিসেবে বর্ণনা করা
হয়েছে। কোশল অনেকবার বন্যার সম্মুখীন হয়েছিল বর্ষার জলের উপযুক্ত নিষ্কাশনের অভাবে।
ভগীরথের গঙ্গা আনয়ন
কিন্তু রাজা ভগীরথ ঠিক কি করেছিলেন?
কোশলের জলা-জমিগুলির মধ্যে দিয়ে গভীর খাদ কেটে, উপযুক্ত বাঁধ ব্যবহার করে তিনি গঙ্গাকে
পূর্বদিকে প্রবাহিত করেছিলেন। বিভিন্ন ছোটখাটো নদীগুলির সাথে মিশে গঙ্গা যখন প্রাচীন
বঙ্গদেশে প্রবেশ করলো, তখন দামোদর, অজয় এবং অধুনা বাংলাদেশে করতোয়া, যমুনা প্রভৃতি
অপেক্ষাকৃত ছোট নদ-নদীগুলোর জলরাশির সাহায্য পেয়ে গেল। রাজা ভগীরথ বিভিন্ন চওড়া ও
অগভীর খাত কেটে কেটে নদীটির জলরাশি বঙ্গোপসাগরে এনে ফেললেন। তাঁকে এই কাজে সাহায্য
করলেন ঋষি জহ্নু, যিনি এই Canal Network ডিজাইন করলেন। অতঃপর, জাহ্নবী মিলিত হোল
সাগরে, এখনকার গঙ্গাসাগরে।
##################################################
কি ভাবছেন? গাল-গল্প দিচ্ছি? গঙ্গার জলরাশি কন্ট্রোল করা কি এতোটাই সহজ? একি ছেলের
হাতের মোয়া, যে খাত কেটে দিলাম আর জল এসে গেল? প্রাচীন কালে এই লেভেলের “Hydraulic
Engineering”-এর কোন প্রমাণ আছে কি? নিদেনপক্ষে গল্প?
দাঁড়ান মশাই, দাঁড়ান। বাংলা- বিহারে গঙ্গার খাত যে পুরোপুরি প্রাকৃতিক নয়, সেটা একমাত্র স্যার
উইলকক্সের বক্তব্য নয়। সম্প্রতিকালের ক্যালিফোর্নিয়া বিশ্ব-বিদ্যালয়ের প্রোফেসর সুদীপ্ত
সেন তাঁর বিশাল ব্যাপ্তির কাজ - “Ganga: The Many Pasts of a River”- এও বলেছেন একই
কথা। তিনি এও বলেন শিবের জটা থেকে গঙ্গার উৎপত্তি আসলে “বিন্দু সরোবর Canal
Network” এর কথা বলা হয়েছে। “Bharath Gyan”-এর প্রণেতা D.K. Hari এবং D.K. Hema
Hari ও একই কথা বলেন।
আর প্রাচীন কালের “Hydraulic Engineering”-এর প্রমাণ? তাহলে আপনাদের আরেকটু পিছিয়ে
যেতে হয়, সেই ঋগ্বেদে-বর্ণিত “দশ রাজার যুদ্ধ”- এর সময়ে।
দশ রাজার যুদ্ধ এবং ইক্ষ্বাকু কাহিনী
দশ রাজার সঙ্গে পাঞ্চালের রাজা সুদাসের সংঘাত আদতে বশিষ্ঠ – বিশ্বামিত্র সঙ্ঘাত। রাজা
সুদাসের গুরু একদা ছিলেন বিশ্বামিত্র। রাজর্ষি তিনি। রাজা সুদাসের রাজ্য সিন্ধু নদীর তীর অব্দি
বিস্তৃত। বৈদিক সংস্কৃতির বিস্তারের জন্য তাঁর নাম সর্বজনবিদ। ক্রমে বশিষ্ঠও নিজের দিকে
তাঁকে টানতে শুরু করলেন। রাজা প্রধান হবেন, এবং তাঁর বংশ গুরুবংশ হবে না, তা হয় কি করে?
কিন্তু এর প্রতিশোধ নিলেন বিশ্বামিত্র। ইক্ষ্বাকু বংশীয় রাজা কল্মাষ্পদের যজ্ঞে তিনি এবং
বশিষ্ঠ দুজনেই আমন্ত্রিত ছিলেন। বশিষ্ঠকে কৌশলে নরমাংস ভক্ষণ করালেন তিনি। বশিষ্ঠ
কল্মাষ্পদকে দোষী ভেবে সংস্কারহীন রাক্ষসে পরিণত করলেন তাকে, সমাজে তার স্থান চলে
গেল। এর সুযোগ নিলেন বিশ্বামিত্র। রাজা কল্মাষ্পদকে দিয়ে বশিষ্ঠ-পুত্র শক্তি সহ অন্যান্য
সন্তানদের হত্যা করালেন।
কিন্তু পরিণতিতে বিশ্বামিত্রের সমর্থক রাজা সুদাসের বিরুদ্ধে অনেকজন রাজা একাট্টা হয়ে
গেলেন। রাজা সুদাস নিরুপায় হয়ে বশিষ্ঠের শরণ নিলেন, এবং তাঁর সাহায্যে দশ রাজার বাহিনীকে
একাই পরাস্ত করলেন। ঋগ্বেদের বর্ণনা অনুযায়ী বশিষ্ঠের আহ্বানে দেবরাজ ইন্দ্র সুদাসকে
নিষ্ক্রমণের সুযোগ দিয়ে সিন্ধু নদীর জল দশ রাজার বাহিনীর উপর দিয়ে প্রবাহিত করে দিলেন।
দশ রাজার বাহিনী জলে ভেসে গেল এবং পরাজিত হোল। কুলগুরু বশিষ্ঠের বংশ আবার পুনরস্থাপিত
হোল। রাজা কল্মাষ্পদ আত্মসমর্পণ করলেন, ইক্ষ্বাকু-রাজ পুনস্থাপিত হোল বশিষ্ঠের ক্ষমায়।
শাস্তি হিসাবে তাঁর রানীর গর্ভে বশিষ্ঠ জন্ম দিলেন রাজার সন্তানের। ইক্ষ্বাকুরা পাঞ্চালদের
মতোই প্রবল বৈদিক হয়ে উঠলো।
এই কাহিনীতে অবতারণের কারণ আশাকরি বুঝতে পেরেছেন পাঠক। দেবরাজ ইন্দ্রের “ম্যাজিক”
ছাড়াও পূর্ববর্ণিত কোশলের বর্ণাশ্রম প্রথার শুরু এখান থেকেই।
যাইহোক, ঋগ্বেদের কাহিনীতে নদীর গতিপথ পরিবর্তন করার “ম্যাজিক” ইন্দ্র আরও নানা
জায়গায় দেখিয়েছেন। কখনও অনার্যদের সমূলে বিনাশ করার জন্য, কখনও অন্য শত্রুদের বিনা
যুদ্ধে ধ্বংস করার জন্য।
একটু ইতিহাস ঘাঁটলে রাজা সগরকেও একই কৌশল ব্যবহার করতে দেখা যায় নাগদের বিরুদ্ধে। এই
উন্নতমানের জলবাহী প্রকৌশল পুরন্দর কোথা থেকে শিখেছিলেন, সেটা আজকের দিনে বলা
মুস্কিল, কিন্তু সমসাময়িক সভ্যতা মেসোপ্টেমিয়ার টাইগ্রিস-ইউফ্রেটিস-এর ক্ষেত্রে এর
ব্যবহার আমরা দেখে থাকি, কাজেই সেখান থেকে এর উৎপত্তি হয়ে থাকতে পারে।
কাজেই Hydraulic Engineering তখনকার দিনে এমনকিছু নতুন বিষয়ে ছিল না, যেমন ছিল না ঋষি
জহ্নুর এ ব্যাপারে “এক্সপার্ট” হওয়া। এই বিদ্যাই রাজা ভগীরথ কাজে লাগিয়েছিলেন বাংলাদেশে
গঙ্গা “আনয়নের” কাজে, মানুষের উপকারে।
গঙ্গা আনয়নের আসল কারণ
কিন্তু প্রশ্ন হচ্ছে - রাজা ভগীরথ এতো বড় কাজ করতে গেলেন কেন? এর পেছনে কারণ কি শুধুই
তাঁর সু-অভিপ্রায়? হ্যাঁ, ভগীরথ উদ্যমী রাজা ছিলেন সন্দেহ নেই, বিশেষ করে তাঁর পিতা রাজা
দিলীপ স্বেচ্ছায় সন্ন্যাস গ্রহণ করার পর যে রাজ্যের হাল শক্ত হাতে ধরার প্রয়োজন ছিল, তা
ভগীরথ করেছেন। দেশে তখন গৃহযুদ্ধ চলছে, যা আদতে বর্তমান কালের “সাম্প্রদায়িক দাঙ্গা”
ছাড়া কিছু নয়। সংখ্যাগুরু ইক্ষ্বাকুরা দেশের অন্যান্য জনজাতি যেমন হৈহেয়, কম্বোজ, শক,
পরদাস, যবনদের কচুকাটা করছে, “বিরোধীশূন্য” করার উদ্দেশ্য। অয্যোধ্যার রাস্তা রক্তে
ভাসছে। ভগীরথের রাজসভার কিছু মন্ত্রী তাতে পরোক্ষে মদত দিচ্ছেন। ছকটা কি চেনা লাগছে
পাঠকগণ? আজকে যদি কেউ দাঙ্গা নিয়ে অত্যন্ত কাতর বা উত্তেজিত হয়ে নোয়াখালী, ডাইরেক্ট
অ্যাকশান ডে নিয়ে কথা বলতে আসেন, যে এরকম কোনকালে হয়নি, তাহলে তাকে পুরাণ-ইতিহাসটা
ভালো করে পড়ে আসতে বলবেন।
যাইহোক, যে কোন ভালো রাজার মতো ভগীরথ প্রথমে তাঁর মন্ত্রীসভার রদবদল করলেন, তারপর
দাঙ্গা সামাল দিলেন। এরপরেই তিনি “গঙ্গা প্রকল্প” শুরু করলেন। প্রশ্ন হচ্ছে কেন?
যদি আপনি পুরাণের মনযোগী পাঠক হন, তাহলে বুঝবেন সগর রাজার অশ্বমেধের ঘোড়া হরণ থেকে
সপুত্র “ভস্মীভূত” হয়ে যাওয়া আসলে কপিল মুনির-ই কাজ। “সপুত্র ভস্মীভূত হয়ে যাওয়া” যেটাকে
বলা হচ্ছে, সেটা আসলে সগর রাজার পুত্র সহ, বাহিনী-সহ বন্দি হওয়া। আসলে এর পেছনে লুকিয়ে
আছে প্রবল পরাক্রমী অসমঞ্জ – সগরের বাহিনীর করুণ পরাজয়।
কিন্তু পরাজিত করলো কারা? পুণ্ড্ররাজ্যের যে পতন ঘটে গেছিল। বাকি ছোট ছোট গণরাজ্যগুলির
অনিয়মিত বাহিনী কি করে অসমঞ্জদের আটকে দিল? বস্তুত পুণ্ড্রের পর যে রাজ্যগুলি
অসমঞ্জের সামনে ছিল, সেগুলি হোল লাঢ়, সুহ্ম, হরিকেল, সমতট এবং দক্ষিণে কলিঙ্গ।
রাজ্যগুলির মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কারণ কিছু জমি বাদে বাকিগুলোয় চাষবাস ভালো হত না,
পশুপালন, বাণিজ্য ছাড়া রাজ্যগুলি অন্য রাজ্যের উপর আক্রমণ করে দিন অতিবাহিত করতো।
পুণ্ড্ররাজ্যের পতনের পর লাঢ়ের গণ-প্রতিনিধি কিছুতেই তাদের রাজাকে বোঝাতে সক্ষম হোল না
যে আগ্রাসী কোশলের সামনে তাদের একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলা দরকার। লাঢ়ের রাজা
অসমঞ্জের করদ রাজ্য হতে সম্মত ছিলেন। কিন্তু অসমঞ্জ ছিলেন অন্য ধাতুতে গড়া। লাঢ়ের
বেদ বিরোধিতা ছিল নাম-করা, যজ্ঞের নামে পশুবলির বিপ্রতীপে ছিলেন তাঁরা। কারণ পশুবলি দিয়ে
দিলে তাদের উপার্জন হবে কোথা থেকে? কাজেই লাঢ়ের রাজা আত্মসমর্পণ করলেও অসমঞ্জের
সন্তান দল তাদের উপর নরমেধ যজ্ঞ চালাল। পুরুষ মহিলা শিশু কেউ বাদ গেল না।
অসমঞ্জের আত্মতুষ্টি এবং বিনাশ
এরপর স্বগর্বে বলিয়ান অসমঞ্জ অগ্রসর হতে শুরু করলেন সুহ্মের দিকে। তিনি ধরেই নিলেন এই
ছোটখাটো রাজ্যগুলি তার সামনে কোনরকম প্রতিরোধ গড়ে তুলতেই পারবে না। নিজের চর মারফত
খবর পেলেন যে সুহ্ম, হরিকেল, সমতট, কলিঙ্গের মধ্যে কোন মতৈক্য নেই, যুদ্ধে যেতে চায়
হরিকেল শুধু, বাকিরা চায় সন্ধি। অত্যুৎসাহী অসমঞ্জ তাঁর বাহিনীর গতিবেগ বাড়িয়ে দিয়ে
চন্দ্রস্থানগড় নামক একটি জায়গায় এসে তাঁবু ফেললেন। এখানে জলাজমি, জঙ্গল থাকার দরুন
অশ্বারোহী বাহিনীর চলাচলের অসুবিধা হচ্ছিল। তার উপর প্রায় তিনদিন ক্রমাগত চলার ফলে
বাহিনী ক্লান্ত হয়ে পড়েছিল। লাঢ়ের উপর হত্যালীলা চালানোও কি কম কষ্টসাধ্য?? যাইহোক,
চন্দ্রস্থানগড়ে অসমঞ্জ তাঁবু ফেললেন, এরপরে তাদের হয়তো অগ্রসর হতে হবে নৌকায়।
অশ্বমেধের সাদা ঘোড়াটি বাঁধা ছিল তাঁবুগুলির ঠিক মাঝখানে। আর সেই রাতেই, ঘোড়াটি চুরি হয়ে
গেল।
অশ্বমেধের ঘোড়া চুরি হওয়া কতোখানি অপমানজনক ব্যাপার, সেটা আজকের দিনে দাঁড়িয়ে
বোঝানো মুস্কিল। যে রাজা নিজের ঘোড়া সামলে রাখতে পারেন না, তিনি কি করে রাজ-চক্রবর্তী
হয়ে সাম্রাজ্য সামলাবেন? যাইহোক, ক্রোধান্ধ হয়ে অসমঞ্জ দিগ্বিদিক ঘোড়াটিকে খুঁজতে শুরু
করলেন, আশেপাশের গ্রামগুলিতে ঢুকতে গিয়ে তিনি দেখলেন, সেখানে একজন বার্তাবাহক
উপস্থিত। বার্তাবাহক তাঁকে জানাল যে ঘোড়া খুব স্বাচ্ছন্দেই আছে, কিন্তু আশেপাশের গ্রামের
বা তাঁর যুদ্ধবন্দিদের যদি ন্যুনতম ক্ষতিও হয়, তাহলে ঘোড়াটিকে হত্যা করে তাঁর কাছে পাঠানো
হবে। থমকে গেলেন অসমঞ্জ, তিনি বুঝতে পারলেন তিনি এবং তাঁর পরাক্রমশালী বাহিনী একটি
ফাঁদে পড়েছেন, যে ফাঁদ রচনা করেছে বাংলাদেশের গণরাজ্যগুলির জোট, এবং যার নেতৃত্বে আছেন
স্বয়ং কপিল মুনি।
অসমঞ্জ বুঝলেন এই জলাজমি হাওড় জায়গা শত্রুপক্ষ তাঁর চেয়ে অনেক ভালো চেনে। হয়তো তাঁর
মনে পড়ে থাকবে, বৈদিক আগ্রাসনের কারণে কপিল মুনি এবং তাঁর অনুগামীদের বহু বছর আগে
মধ্যদেশ থেকে এই “পাতাললোকে” চলে আসতে হয়েছিল। তাঁদের আশ্রম জ্বালিয়ে দেওয়া হয়েছিল
রাতের অন্ধকারে। ব্রহ্মবাদীদের সঙ্গে সাংখ্য দর্শনের প্রণেতা মহর্ষি কপিলের বিরোধ
লেগেছিল। উপরন্তু, পশ্চিমের থেকে অনুপ্রাণিত হয়ে তিনি একটি লিপির প্রণয়ন করছিলেন, যা
সাধারণ মানুষের কাজে আসবে। বেদ যেখানে শ্রুতি নির্ভর এবং উচ্চবর্ণের মানুষের মধ্যে
বেদজ্ঞান সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা, সেখানে কপিল মুনির প্রণীত লিপি বেদবাদীদের সমস্যায়
ফেলে দিতে বাধ্য। কাজেই কপিল মুনিকে চলে আসতে হয়েছিল পূর্বের এই গঙ্গাসাগরে।
যাইহোক, এরপর অসমঞ্জ বাহিনীর “গ্রেফতার” বা বন্দি হওয়া ছিল সময়ের অপেক্ষা।
চন্দ্রস্থানগড়ের গজ বাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী, কোশলের সেনা তাদের সামনে খড়কুটোর
মতো উড়ে গেল, রাজা সগর, অসমঞ্জ সহ সমগ্র ষাট হাজার (অতিকথন) বাহিনী কপিলের
নেতৃত্বের পূর্ব গণসংঘের হাতে বন্দি হোল।
পরিশিষ্ট – ভবিষ্যতের গঙ্গাহৃদি
বেশ কয়েক বছর পর যখন ভগীরথ কোশলের রাজা হলেন, তখন এদের মুক্ত করার জন্যই তিনি
“গঙ্গা আনয়ন প্রকল্প”-এ সম্মত হয়েছিলেন। তাঁকে Hydraulic Engineering-এর
মহাকর্মযজ্ঞ দ্বারা গঙ্গাকে বঙ্গোপসাগরে নিয়ে আসতে হয়েছিল, যা আগে বিবৃত করা হয়েছে।
কিন্তু গঙ্গার বারিধারা বঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত করার প্রয়োজনীয়তা কোথায়? পাঠককে
স্মরণ করিয়ে দি, এই গঙ্গা কিন্তু আদি-গঙ্গা, যা কলিকাতার কালীঘাটের পাশ দিয়ে প্রবাহিত
হত। অধুনা সেটি একটি উপনদীর মতো নালায় পরিণত হয়েছে, কারণ গঙ্গা প্রাকৃতিক ভাবেই তার
খাত বদলেছে অনেকবার, কাজেই উপনদী তৈরি হয়েছে। যাইহোক, এই আদি গঙ্গার পলিমাটি-উর্বর
জলের স্পর্শেই বঙ্গ, লাঢ়, হরিকেল, সুহ্ম প্রভৃতি অঞ্চলে কৃষিকাজ ব্যাপকভাবে হতে পারল।
রাজ্যগুলির অন্য উপার্জনের উপর নির্ভরশীলতা কমল, সমৃদ্ধি বাড়ার কারণে নিজেদের মধ্যে
মৈত্রীর সম্পর্ক স্থাপন হোল। সব চেয়ে বড় কথা প্রাচীন বঙ্গদেশ স্বাবলম্বী হোল, সমৃদ্ধ
হোল, স্বচ্ছল হোল।
এই প্রাচীন বঙ্গদেশই একত্রিত হয়ে পরবর্তীকালে “গঙ্গাহৃদি” বা “গঙ্গারিডি” সভ্যতার জন্ম
দেবে 4th Century BCE to 1st Century CE সময়কালে, যা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার
থেকে কোন অংশে কম ছিল না। সমসাময়িক গ্রীক, রোমান ঐতিহাসিকদের (যেমন টলেমি,
মেগাস্থেনিস, প্লুটারক, প্লাইনি, স্ত্রাবো, প্রভৃতি) লেখায় জানা যায় অত্যন্ত সমৃদ্ধশালী ছিল
এই দেশ এবং অত্যন্ত পরাক্রমশালী ছিল এদের বাহিনী, এতোটাই যে স্বয়ং আলেকজ্যান্ডার
৩২৬ খ্রিস্টপূর্বে পুরুকে হারানোর পর এদিকে আসার সাহস করেন নি।
যাইহোক, গঙ্গাহৃদি নিয়ে আলাদা একটি প্রবন্ধ লেখার ইচ্ছা রইল, ভবিষ্যতে হবে কোন দিন।
উপসংহার
ভাবতে ভাবতে দেখি, বন্ধুবান্ধব-সহ আমাদের বাস প্রায় রাজারহাট পৌঁছে গেছে। হৈচৈ, মজা,
ইয়ার্কির মধ্যে দিয়ে দুটো দিন কি আনন্দে যে কেটে গেল, কি বলবো। রাত বারোটা নাগাদ বাড়িতে
ঢুকতে ঢুকতে দূরে চাঁদের দিকে চেয়ে মনে হোল – ইতিহাসের কি বিচিত্র গতি। যে প্রাচীন
বঙ্গদেশকে কপিল মুনি একত্রিত করেছিলেন, যে সমৃদ্ধির পরাকাষ্ঠা হয়ে উঠেছিল একদিন, সেই
বঙ্গদেশকেই আমরা কাঁটাতারের বেড়া দিয়ে দু-টুকরো করেছি। সেই দেশটার অনেকটাই বোধয়
আমাদের কাছে হারিয়ে গিয়েছে। তখনই হঠাৎ মনে পড়ল বিদ্যাধরী নদীর পাড়ে অবস্থিত
চন্দ্রকেতুগড়ের কথা, যা ঐতিহাসিকদের মতে ছিল গঙ্গাহৃদির রাজধানী !
যা রয়ে গিয়েছে, তাও নেহাত কম নয়।
-----------------
তথ্যসুত্র –
১। গঙ্গাহৃদি ১ এবং ২ – শুদ্ধসত্ত্ব ঘোষ
২। গঙ্গারিডি ও উত্তরবঙ্গের ইতিকথা – রজত পাল
৩। গঙ্গারিডি - আলোচনা ও পর্যালো – নরোত্তম হালদার।
৪। বাঙালির ইতিহাস (আদি পর্ব) - নীহারঞ্জন রায়।
৫। Lectures on the Ancient System of Irrigation in Bengal – Sir William Wilcox.
৬। Various articles on the Internet.
No comments:
Post a Comment