“এত বেশি কথা বলো কেন? চুপ করো
শব্দহীন হও” --- শঙ্খ ঘোষ
রবীন্দ্রোত্তর কবিদের মধ্যে শঙ্খ ঘোষ এক অতি পরিচিত এবং ব্যতিক্রমী মুখ।
প্রতিবাদের কথা “শব্দহীন” হয়েও কীভাবে পাঠকমনে পৌঁছে দিতে হয়, তা ওনার
কবিতা পড়লেই সম্যকভাবে বোঝা যায় । অশ্রুকুমার সিকদার কবি শঙ্খ ঘোষ
সম্পর্কে লিখেছেন --- “ সুবিনীত মানুষটি / ‘না’ও বলে সবিনয়ে/ করে না আপোষ ,/…
নিচু গলা নিচু রেখে / কোনদিন মানবে না /ক্ষমতার ফোঁস ।“ সমাজের দোষ ত্রুটি
দেখেছেন। কবিতার ভাষায় সেসব ছবি তুলে ধরেছেন পাঠকের সামনে। মুষ্টিবদ্ধ হাত
তলেন নি রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে, অথচ তাঁর কবিতা পড়তে গিয়ে পাঠকের চোখে
বিদ্যুচ্চমকের মত ঝলসে উঠেছে তাঁর প্রেরিত বার্তা ।
শঙ্খ ঘোষ তাঁর নিজের কবিতা সৃষ্টির পিছনে বাহ্যিক ঘটনার প্রভাব সম্পর্কে
লিখেছেন –“যা অন্ধের স্পর্শের মতো , একেবারে বুকের ভেতরে গিয়ে পৌছয়
।…সবসময়েই খুঁজে যেতে হয় শব্দের সেই অভ্যন্তরীণ স্পর্শ। “ আর এই বুকের
ভেতরে পৌছনোর জন্য সমস্ত ঘটনাই উচ্চকিত হয় না। কবি শঙ্খ ঘোষ তাঁর
সমসাময়িক কবিদের থেকে স্বতন্ত্র হয়েছিলেন কারন কবিতার কারুশিল্পে তাঁর
অনবদ্য দখল ছিল। আজীবন মানুষের একত্বে বিশ্বাস করা কবি মানুষের মুখের
ভাষাতেই এই শিল্পের পরিচর্যা করেছেন।
কবি বাংলাদেশ থেকে এসে কলকাতায় পৌঁছন যৌবনে।তাঁর কলকাতায় আসা এবং
দেশের স্বাধীনতাপ্রাপ্তি একই সময়ে। এর আগে শৈশব –কৈশোরেই তিনি শুরু
করেছিলেন ছন্দ মেলানোর খেলা। বিশেষ কোন বিষয় না –ভেবে পদ্মাপারের ছোট্ট
এক জনভূমীতে যে কবিতা লেখা প্রায় ছেলেখেলার মত শুরু করেছিলেন, সেই
কবিতাই মহানগরে এসে মিশে গেল সমসাময়িক কবিতার সঙ্গে। আধুনিক কবিদের
লেখার জগত তাঁর সামনে এনে দিলেন প্রেসিডেন্সী কলেজের সহপাঠীরা । যে
রবীন্দ্রনাথের কবিতা , গান ভরিয়ে রাখত তাঁর শৈশব- কৈশোর , সেখান থেকে এই
আধুনিক কবিদের কবিতার নতুন জগত তাঁকে এনে ফেলল এক প্রচণ্ড দ্বৈরথে ।
পূর্ব বাংলার সেই শান্ত সমাহিত জীবন যেখানে -ইশকুলফেরত পণ্ডিতমশাই যখন
নিজের দাওয়ায় বসে খোলা গায়ে হারমোনিয়াম ধরতেন, ‘রাজপুরীতে বাজায় বাঁশি
বেলাশেষের তান’- মহানগরের রাজপথে ভুখামিছিলের বাস্তবতায় এসে হোঁচট খেল।
কলকাতায় এসে বহিরাগতের ভীরুতার সঙ্গেই নতুন কবিদের লেখার যে জগত দুই
বিপরীতমুখী সত্তা তাঁকে খুবই দোটানায় ফেলেছিল। তাঁর নিজের ভাষায়, এই দ্বন্দ্ব
ফুটেছে –“আমাদের চেয়ে বড় যারা তাঁদের দিকে তাকিয়ে মনে হল, কোথায় যেন এক
নিয়মবৃত্ত আছে, যেন না-লেখা এক কানুন মেনে চলেন অনেকে, কবিতা যেন ভাগ হয়ে
আছে মুখ-না-দেখা দুই ভিন্ন শিবিরে।কী নিয়ে লেখা হবে কবিতা? আমার বাইরের
পৃথিবী নিয়ে না কি আমারই ব্যক্তিগত জগত নিয়ে? “ অথচ কবিতার এই জল-অচল
ভাগ থেকে সরে এসে এক তৃতীয় সারণীতে সৃষ্টি হল নতুন কবিতার। প্রায় একই
সময়ে ‘কৃত্তিবাস ‘ পত্রিকার আগমন – তখনো দেখা দেয় নি তেমন তেজী বিদ্রোহ ,
তখনো সে আকর্ষণ করে আনেনি সুসামাজিকদের কোলাহলময় নিন্দে, কিন্তু তখন
থেকেই এর ছিল ভবিষ্যতের দিকে এক নিশ্চিত পদক্ষেপ, ছিল তারুণ্যের
আভিজাত্যে ভরা পত্রিকার গৌরব ।“ এই পত্রিকার সঙ্গে দীর্ঘকাল জড়িয়ে থেকে
নিজেকে উজাড় করে দিয়েছেন। প্রাথমিক ভীরুতা কেটে গিয়ে অন্তরঙ্গ হয়েছেন
নতুন ধারার কবিতার সঙ্গে।
স্বভাবশান্ত শঙ্খ ঘোষ কবিতায় কখনোই উচ্চরবে হাহাকার নেই, অথচ
সমাজের নিন্দাজনক ঘটনাকে এমন ছায়াময়ভাবে কবিতায় রূপ দিলেন, তাতে
পাঠকের বুঝতে অসুবিধা হয়নি যে, এ আসলে সমাজকেই সপাটে চড় মারছেন কবি।
কলকাতা মহানগর অনেক কিছু সুবিধার সঙ্গেই শিখিয়ে দিল সংগ্রামে বাঁচা ।যেমন ,
একবার একটি ভিড় বাসে তাঁর অভিজ্ঞ্তা –“বাস থেকে নেমে আসবার চেষ্টা করছি ,
আর সে চেষ্টার ধরণটা যে কী হতে পারে, কলকাতার মানুষ তা সহজেই অনুমান
করতে পারবেন। নামবার অল্প আগে থেকে, প্রায় অল্পবয়সের মতোই ,বুকের মধ্যে
ছোট একটা কাঁপুনি শুরু হতে থাকে, অনিশ্চয়তার ভয়, অন্যদের বিব্রত করার ভয়।
তবু, নামতে তো হবেই, এসে গেছে স্টপ । একটু কি দেরী হয়ে গেল? দ্রুততার চেষ্টায়
রেগে উঠলেন দুচারজন। ‘নামবেন তো আগে মনে থাকে না?’ ‘অত ঠেলছেন কেন
মশাই?’ ‘দেখতে পাচ্ছেন না দাঁড়িয়ে আছি? একটু সরু হয়ে যান না, একটু ছোট হয়ে যান
।“ স্বভাব-লাজুক শঙ্খ ঘোষের মাথায় শেষ ক’টি লাইন ঢুকে থাকল কয়েকদিন।
মনের মধ্যে অহরহ লজ্জার ভাব নিজেকে সংকুচিত করে রাখল। লিখে ফেললেন
কবিতার লাইনগুলি –
‘ছোট হয়ে নেমে পড়ুন মশাই’
‘সরু হয়ে নেমে পড়ুন মশাই’
‘চোখ নেই? চোখে দেখতে পান না?’
‘সরু হয়ে যান ,ছোট হয়ে যান’ ---
আরো কত ছোট হব ঈশ্বর
ভিড়ের মধ্যে দাঁড়ালে !
কাব্য রচনার অনুপ্রেরণা শঙ্খ ঘোষ কেমন ভাবে পেয়েছেন, সে সম্পর্কে লিখেছেন,-
“নাম না-জানা কোন পথচারীর মুখে কতবার পেয়ে যাই কোন আপাতনিরীহ উচ্চারণ ,
তার অভীষ্ট ইঙ্গিতটুকু পেরিয়ে গিয়ে বহু রকমের রণন তুলতে থাকে মনে , চেতনা
দুলতে থাকে তখন কোন কবিতার দিকে । কখনো বা তেমনই ইশারা পেয়ে যাই কোনো
শিশুমুখের অবোধ কাকলীতেও ।“
শঙ্খ ঘোষের সমালোচনামূলক রচনাভঙ্গি সবসময়ই শান্ত , মার্জিত , অনুচ্চ ও
তীক্ষ্ণ অন্তর্দৃষ্টিসম্পন্ন ।অযথা চীৎকারে নয়, বরং ইঙ্গিতে সত্যকে ফুটিয়ে
তোলাই তাঁর কবিতার বৈশিষ্ট্য। যেমন , তাঁর ‘বাস্তু’ কবিতা লেখার প্রেরণা
পেয়েছিলেন যে ঘটনায় – বেলগাছিয়াতে থাকতে কবি তাঁর তিন বছর বয়সী কন্যার
হাত ধরে হাঁটছেন । কন্যার পিতার কাছে আবদার ‘একটা গল্প বলো ‘। কবির
ভাষায় তুলে দিই অংশটা “ অনেকসময়ে এমন হয় যে, শরীরের মধ্যে একটা অস্পষ্ট
স্রোত টের পাচ্ছি, ভাঙ্গতে ইচ্ছা করছে না সেই স্রোত ।হয়তো কোনো লেখাই হয়ে
উঠবে মনে হয়। মেয়েকে অন্য মনস্ক রাখবার জন্য বলি ঃ ‘আগে তুমি বলো একটা
, তারপর আমি।‘ ‘আমি বলব? একটু এদিক ওদিক তাকায় সে। তারপর হঠাৎ শুরু
করে ঃ ‘আজকাল-‘ ‘হ্যাঁ , আজকাল- তারপর?’ ‘আজকাল বনে কোনো মানুষ থাকে
না।‘ ‘বনে’ শব্দটার ওপর একটু চাপ দিয়ে সে বললো এই লাইন।‘থাকে না? কোথায়
থাকে? ‘ ‘কলকাতায় থাকে ।“এই সামান্য পিতা পুত্রীর কথোপকথনের মাধ্যমে জন্ম
নিল ‘বাস্তু’ কবিতা।
বাস্তু
আজকাল বনে কোনো মানুষ থাকে না ,
কলকাতায় থাকে।
আমার মেয়েকে ওরা চুরি করে নিয়েছিল
জবার পোশাকে !
কিন্তু আমি দোষ দেব কাকে?
…………………………………………..
সব আজ কলকাতায়, কিন্তু আমি দোষ দেব কাকে?
১৯৬৬সালে যখন স্বাধীনতা অর্জনের পর এই কয়েক বছরে মোটামুটি সবাই থিতু
হয়েছে বলে মনে করা হচ্ছিল , তখন কবি কিন্তু তাঁর অন্তর্দৃষ্টিতে এই থিতু
হওয়াকে মোটেই মেনে নিচ্ছেন না। তাঁর সংশয়-“কিন্তু চারদিকে তাকিয়ে ভরসা হয়
না যে তৈরী হয়ে উঠছে কোনো ঐক্যময় নতুন সমাজ । ভাঙনে ভাঙনে কি ভরে এল
সব? কোনো কি লক্ষ্য আছে আমাদের এই দিশেহারা সংস্কৃতির ?” এই প্রশ্ন যেন
কবিকে তাড়িয়ে নিয়ে চলেছে আজীবন। অন্য কবিদের সঙ্গে সাহিত্য আলোচনাতেও
যেন এর দিশা পান না।
নগর কলকাতার নাগরিক হয়েও এই নাগরিক জীবনে হাঁপিয়ে ওঠেন তিনি।
এখানকার কৃত্রিমতা বারেবারেই আঘাত দেয় তাঁকে ।যাদবপুরে অধ্যাপনাকালীন
সেখানকার ছাত্র রাজনীতিও তাঁকে গভীর ভাবে নাড়া দিত। এক অজানা ভয়,
অনিশ্চিত জীবন, তরুণদের মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস –সবকিছুই তিনি
অনুধাবন করার চেষ্টা করতেন। তাঁর অন্তরাত্মাকে ধ্বস্ত করত এই
সবকিছুই।অথচ কখনোই তিনি উচ্চঃস্বরে প্রতিবাদের মুখ হয়ে উঠতে চান নি। তাঁর
লেখায়-
“অনিশ্চয়ে , অস্থিরতায় কাঁপছে দিনগুলি ।মৃত্যুর খবর ছাড়া কোনো খবর শোনা
যায় না কোথাও । কখনো কখনো চোখের সামনে দেখতে হয় সংঘর্ষের ছবি, যে
সংঘর্ষের দুদিকেই চেনা মুখের ভিড় ।কখনো দেখতে হয়, যাদবপুরে যাবার পথে
ঢাকুরিয়া থেকে বেঙ্গল ল্যাম্প পর্যন্ত সবকটা স্টপেই বাসে উঠে সশস্ত্র
যুবকেরা তাদের শত্রু খুঁজে বেড়ায় ।যাকে খুঁজছে , এই কদিন আগেও সে হয়তো
তাদেরই কোনো নিকটবন্ধু ছিল। সবাই সবাইকে সন্দেহ করে , খুঁজে দেখে কে কার
গুপ্তচর ।সেই সন্দেহে দেখেছি পাঁচিলের সঙ্গে রণজয়কে কীভাবে পিষে ধরেছিল
ছেলের দল আমাদের সকলের চোখের সামনে ;” কোনো বিশেষ রাজনৈতিক দলের
প্রতি তাঁর পক্ষপাতিত্ব ছিল না। যে কোনরকম হিংসা, ঘৃণা তাঁকে ব্যথিত করতো
।এমনই এক হিংসা জর্জরিত দিনের শেষে শঙ্খ ঘোষ গেছিলেন তাঁর মা বাবার সঙ্গে
দেখা করতে। মানসিক শ্রান্তিতে সেখানেই ঘুমিয়ে একটি স্বপ্ন দেখেছিলেন তিনি।
সেই বিষয়েই তাঁর লেখা একটি কবিতা ‘বিকেলবেলা ‘। স্বপ্নোত্থিত কবির লেখা
কয়েকটি লাইন –
“সবার মুখ তাই থমথমে আমি জিজ্ঞাসা করি ওখানে কী, কী হয়েছে ওখানে
শুনে একজন বলে ও কিছু নয় , মা বলল জলের রঙে আগুন
অনেকদিন আগে এরকমই হয়েছিল একবার, ঘরদুয়োর সব বন্ধ করে দাও
সেবার আর বাঁচেনি কেউ মড়কে ছেয়ে গিয়েছিল দেশ ।“
এই মড়ক , দুর্ভিক্ষের মড়ক নয়---মানুষের সন্দেহ আর অনিশ্চয়তার মড়ক। এই
সময়ে দাঁড়িয়ে এক গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন কবি আর কীই বা লিখতে পারেন।
সমাজের মুখ কখনো কখনো একই থাকে। ‘ভিখিরি ছেলের অভিমান’ কবিতাটির
কথাই ধরা যাক –
“আগে বলবেন, গা রে খোকা
পরে বলবেন, মাপ করো –
সামনে থেকে যা সরে যা
চলার পথটা সাফ করো
-----------------------
-----------------------
গাব না আর গান এবার
গাব না আর গান।“
এ তো কল্পনার কবিতা নয়। বাস্তবে, এই সমাজের মুখ দেখতে তো আমরা অভ্যস্ত
। এই পরিস্থিতি আমাদের চোখ এড়িয়ে যায় হয়তো , কিন্তু শঙ্খ ঘোষের মত কবির
পক্ষে তা সম্ভব হয় না। পুরো ঘটনাটি বাসে সফররত অবস্থায় তাঁর দৃষ্টিতে ধরা
পড়েছে ।একটি ন-দশ বছরের ছেলে চলন্ত বাসে উঠে গান গেয়ে ভিক্ষা করছিল। বাসে
সমবেত জনতা তার গান শুনে উপভোগ করার পর যখন সে হাত পেতে টাকা চায়, তখন
জোটে লাঞ্ছনা আর গঞ্জনা ।কবি তাঁর নিজস্ব মমত্ববোধে লক্ষ্য করেন
ছেলেটির অভিমান । বাস থেকে অভিমানে ‘ নামার সময় শুধু রেখে যায় তাঁর দৃষ্টি।
আমার সঙ্গে কদিন ধরে কেবলই ঘুরতে থাকে সেই দৃষ্টি , আর তার সেই অভিমান,
“আর গান করব না” বলে তার সেই অসহায় প্রতিবাদের নেমে যাওয়া ।‘
‘বাবরের প্রার্থনা’ কবিতার জন্য শঙ্খ ঘোষ ভারতের দ্বিতীয় সরবোচ্চ
সাহিত্য পুরস্কার ‘সাহিত্য অ্যাকাডেমি ‘ পেয়েছিলেন। এই কবিতা সৃষ্টির পিছনে
রয়েছে তাঁর এক ব্যক্তিগত দুঃখের অভিজ্ঞতা । তাঁর বড় কন্যা তখন খুবই
অসুস্থ, ডাক্তার রোগটা ঠিক করে ধরতে পারছেন না। এক উদ্বিগ্ন পিতার মনে
পড়ে এক ইতিহাসের গল্প । “রুগ্ন হুমায়ুনকে ঘিরে ঘিরে বাবরের প্রার্থনা ।
মন্থরতার ভিতর থেকে তখন উঠে আসতে চায় কতগুলি শব্দ ঃ এই তো জানু পেতে
–“ এই চিন্তা থেকেই জন্ম সেই বিখ্যাত কবিতার---
“এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
আজ বসন্তের শূন্য হাত-
ধ্বংস করে দাও আমাকে যদি চাও
আমার সন্ততি স্বপ্নে থাক ।“
কবিতা লেখা শুরুর দিনগুলি সম্পর্কে তিনি লিখেছেন ,”… লিখে গিয়েছি তখন। সে
লেখাকে যে হতেই হবে আমারই বোধমতো , আমারই জানা সত্যে। সেটা যদি শেষ
পর্যন্ত না- পৌঁছয় কোথাও, তাহলে সে তো আমার অক্ষমতা শুধু। সেই অক্ষমতাকে
মেনে নিয়ে জীবনটাকে সেদিন ছুঁতে চেয়েছি আমারই মত।“ অথচ বোদ্ধা কবিতা
পাঠকমাত্রই জানেন যে, তাঁর কবিতা সম্পর্কে তিনি নিজে যে ধারণাই পোষণ করুন
না কেন, কবি প্রচুর পুরস্কারের সঙ্গে সঙ্গে সাহিত্য আকাদেমি , জ্ঞানপীঠ
পুরস্কার অর্জন করেছেন তাঁর কবিতার বিশেষত্বর জন্যই। স্বীকৃতি আর
সম্মানের প্রাচুর্যের মধ্যেও সত্যকে তিনি কখনো কৃত্রিমতায় ঢাকেন নি, আর
এখানেই শঙ্খ ঘোষের স্বাতন্ত্র্য ।
তথ্যসংগ্রহ ঃ-- কবিতার মুহূর্ত – শঙ্খ ঘোষ

No comments:
Post a Comment