সব মিলিয়ে এমন বিপজ্জনক সময়ের মুখোমুখি কি আমরা এর আগে কখনও হয়েছি। যাঁরা বিশ্বযুদ্ধ দেখেছেন, দেখেছেন দেশভাগ আর সাম্প্রদায়িক দাঙ্গার ভয়াল রূপ, তাঁরা অনেকে এখনও আছেন। একটু ফ্যানের জন্য ক্ষুধার্ত মানুষের হাহাকার হয়তো তাঁদের কারও কারও স্মৃতিতে ফিকে হয়ে এলেও তার রেশ সম্পূর্ণ চলে যায়নি।
আজকের সংকট সেই তুলনায় ভিন্ন। কতিপয় স্বার্থান্ধ এবং কুটিল রাজনীতিক এই গ্রহের শেষ ক্ষণটি রচনা করতে যেন বদ্ধপরিকর।
বৃত্তটি আরও ছোট করে এনেও রেহাই নেই। ক্ষমতাশালী আর দুর্বৃত্ত - দু'টি আপাত-দূরবর্তী শব্দের মধ্যে এমন সখ্য আগে কখনও দেখা গিয়েছিল কি? 'ক্ষমতার দুর্বৃত্তায়ন' আর 'দুর্বৃত্তের ক্ষমতা'এখন সমার্থক। এমন নিম্নগামী পরিবেশে জীবনধারণের ন্যূনতম মর্যাদাটুকুও এখন লুটেরার করায়ত্ত। অসহায় ক্রোধ পুষে রাখা ছাড়া সাধারণ মানুষের করণীয় আর কিছুই নেই। উৎকর্ষের চর্চার স্বীকৃতি দূরে থাক, সেই অভ্যাস বজায় রাখাই এক দুরূহ কাজ হয়ে উঠেছে।
এমন অবস্থাতেও আরেকটি নববর্ষ উদ্যাপিত হল। বইপাড়া গল্পগুজব আর খাওয়া-দাওয়ায় হয়ে উঠল মজলিশি!
১৪৩৩ সনের শুভকামনা সকলকে!
দায়বদ্ধ থাকুন!
আশপাশের মানুষজনের সঙ্গে সংযোগ হয়ে উঠুক আরও নিবিড়!

No comments:
Post a Comment