ঋতু ম্যাডামের রান্নাঘর থেকে - মৈত্রেয়ী চক্রবর্তী








চিনাবাদামের হালুয়া

গুড় বা চিনি ছাড়া এই হালুয়া কিন্তু খুবই সুস্বাদু হয়। এই হালুয়ার জন‍্য উপকরণও সামান‍্যই।

চিনাবাদাম, সামান‍্য ঘি, ছোটএলাচের গুঁড়ো, অল্প দুধ আর বেশ কয়েকটা খেজুর। তবে পদ্ধতি সহজ হলেও সময় সাপেক্ষ। প্রথমে বাদামগুলো শুকনো খোলায় ভেজে লাল খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর, ওই বাদামগুলোর গুঁড়ো করে নিতে হবে। বাদাম কিন্তু একদম রুম টেম্পারেচারে আসতে হবে। গরম গরম গুঁড়ো করার চেষ্টা না করাই ভালো, বাদাম থেকে তেল বেরিয়ে দলা পাকিয়ে যেতে পারে। একেবারে মিহি গুঁড়ো না হলেও চলবে। উষ্ণ গরম দুধে বেশ কয়েকটা বীজ ছাড়ানো খেজুর ভিজিয়ে রাখতে হবে। খেজুর যদি নরম হয়, তখনই হাত দিয়ে কচলে দুধে মিশিয়ে রাখতে হবে। খেজুর কতটা মিষ্টি বা হালুয়া কতোটা মিষ্টি করা হবে তারওপর খেজুরের পরিমান নির্ভর করছে। অতএব, সেটা রাঁধুনিকেই একটু বুঝে নিতে হবে।

কড়াইয়ে দুই টেবিল চামচ পরিমান ঘি গরম করে তার মধ‍্যে ওই বাদাম গুঁড়ো দিয়ে, মিডিয়াম টু লো আঁচে, বাদাম গুঁড়ো ভাজতে হবে। ঘি অল্প দেওয়ার কারণ, গুঁড়ো বাদাম থেকেও কিছুটা তেল বের হবে। ক্রমাগত নাড়াতে নাড়াতে যখনই একটু রঙের পরিবর্তন দেখা যাবে, তখনই ওই খেজুর গোলা দুধ আর ছোটএলাচ গুঁড়ো ঢেলে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এক পর্য‍্যায়ে কড়ায়ের গা থেকে ছেড়ে আসবে হালুয়া। একটা বাটিতে সামান‍্য ঘি মাখিয়ে তাতে ভরে ঠান্ডা করে নিলেই রেডি চিনাবাদামের হালুয়া।



No comments:

Post a Comment