কবিতা - অমিতাভ মুখার্জী


ড্রামে কাঠি দেওয়া মাত্র,
শাড়ির সরু পাড়ের মতো
সকাল—

রিভিকা টোস্টটারের কাছে,
টোস্ট পুড়েছে—

ড্রামে কাঠির দ্বিতীয় স্ট্রোকে,
রিভিকা গাড়িতে—

ড্রামে কাঠির স্ট্রোকে স্ট্রোকে,
ভালো-মন্দের বাঁধনে,
কাজের নাচনে সারাদিন—

সন্ধেতে বাতাসের নরম ফিতেয়,
মোমবাতি জ্বলে নিজে নিজে,
আগুনের উজ্জ্বল বাদামী রঙ
রিভিকার লম্বা চুল জুড়ে,
নীলাভ ঝর্না নন্দন চত্বরে—

অ্যাপ্রিকট ও জলের সাথে
মিশে আছে সিগারেট,
বালি, পাথরের চত্বর ছেড়ে,
রিভিকা সহজেই হাত ধরেছিল—

পৃথিবীর ইটভাটার পাশে,
পিছু হাঁটা সন্ধে সাক্সোর আওয়াজে,
থেমে যায় সন্ধে দ্বিতীয় হুগলী ব্রিজে—

বাসগুলোর কামনা
ও গাড়িগুলোর কোমল কম্পনে,
ড্রামের বীটগুলো আবেগ,
নিঠুর ও মায়াবী—

কী-বোর্ডের তিক্ততায়,
লাল রিসিভারের বিচ্ছন্নতায়,
মান ভাঙাতে মিশুকে বেড়াল --

রিভিকা নেই, ফিরে যায় গাড়ি
থিয়েটার রোড পেরিয়ে—
নীলাভ ঝর্নায় সন্ধে একাই ট্রাম্পেট।

No comments:

Post a Comment